ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
![]()
ব্রাহ্মণবাড়িয়া: নবীনগরে কিস্তির টাকা সংগ্রহের সময় গ্রামীণ ব্যাংকের এক কর্মীকে ছুরিকাঘাত করে ১ লাখ ৭৬ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলার শ্যামগ্রাম গ্রামে এ ঘটনা ঘটে।
আহত কর্মীর নাম জসিম উদ্দিন। তিনি গ্রামীণ ব্যাংকের শ্যামগ্রাম শাখায় কর্মরত। এ ঘটনায় শ্যামগ্রাম গ্রামের বাসিন্দা মো. আনোয়ার হোসেনের ছেলে সোহেল মিয়া (৩৫)-এর বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী জসিম উদ্দিন জানান, মঙ্গলবার সকালে শ্যামগ্রাম বাজারের পশ্চিম পাশে জজ মিয়ার বাড়িতে অবস্থিত কিস্তি সংগ্রহকেন্দ্রের কার্যালয়ে গ্রাহকদের কাছ থেকে কিস্তির টাকা সংগ্রহ করছিলেন তিনি। এ সময় সোহেল মিয়া তাঁর ওপর হামলা চালিয়ে শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করেন। পরে তাঁর কাছ থেকে কিস্তি হিসেবে সংগ্রহ করা ১ লাখ ৭৬ হাজার টাকা (১,৭৬,০০০) ছিনিয়ে নেওয়া হয়।
জসিম উদ্দিন বলেন, এ ঘটনায় অভিযোগ দিতে তিনি থানায় এসেছেন। তাঁদের ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারাও আসছেন। রাতেই মামলা করা হবে।
গ্রামীণ ব্যাংকের শ্যামগ্রাম শাখার ব্যবস্থাপক রাকিবুল হাসান বলেন, কিস্তির টাকা সংগ্রহের সময় তাঁদের কর্মী জসিম উদ্দিনের ওপর হামলা চালিয়ে টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে। আহত জসিমকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। ছিনিয়ে নেওয়া টাকা উদ্ধারে থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।
এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, বিষয়টি তিনি শুনেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, ছুরিকাঘাতের অভিযোগে অভিযুক্ত যুবক নিম্ন শ্রেণির এবং মাদকাসক্ত। মামলা করার প্রস্তুতি চলছে। মামলা হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এন/এস
বাংলাদেশ সময়: ২২:০৪:৪৭ ৯ বার পঠিত | ● গ্রামীণ ব্যাংক ● নবীনগরে ছিনতাই ● ব্রাহ্মণবাড়িয়া ● শ্যামগ্রাম