ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
![]()
পাবনা: জমি দখলের চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন ও পরিবারের সদস্যদের হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন চাটমোহরের প্রতিবন্ধী ব্যক্তি মোহাম্মদ আলী। তিনি অভিযোগের সুষ্ঠু তদন্ত, পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন।
সোমবার (১২ অক্টোবর) রাতে চাটমোহর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ তুলে ধরেন তিনি।
মোহাম্মদ আলী জানান, বিরোধপূর্ণ জমির পরিমাণ ১৭ দশমিক ৯৭ শতাংশ। জমিটি চাটমোহর উপজেলার দক্ষিণ শিবরামপুর মৌজায়, খতিয়ান নম্বর ৩২৩ ও দাগ নম্বর ৫৪০-এ অবস্থিত। তাঁর অভিযোগ, গত ২৩ আগস্ট দুপুর আনুমানিক ১টার দিকে কয়েকজন ব্যক্তি জোরপূর্বক জমিটি দখলের চেষ্টা করেন। এ ঘটনায় তিনি ফিরোজুর রহমান (বাবলু), আমিনুল ইসলামসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করেন। তাঁর দাবি, অভিযুক্তদের মধ্যে আমিনুল ইসলাম বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত। জমি দখলের চেষ্টা প্রতিহত করতে গেলে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা ভয়ভীতি ও হয়রানির শিকার হন।
মোহাম্মদ আলী বলেন, এ ঘটনায় গত ২৫ আগস্ট তিনি চাটমোহর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে এএসআই আল আমিনের সঙ্গে যোগাযোগ করলে তাঁকে থানায় যেতে বলা হয়। তবে অভিযোগের বিষয়ে এখনো প্রত্যাশিত প্রতিকার পাননি বলে দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে মোহাম্মদ আলী আরও অভিযোগ করেন, গত ১০ অক্টোবর ফিরোজুর রহমান বাবলুর বড় ছেলে তাঁর জমিতে চাষাবাদের জন্য জোরপূর্বক গোবর সার প্রয়োগ করেছেন। তাঁর দাবি, এটিও জমি দখলের চেষ্টার অংশ।
মোহাম্মদ আলীর ভাষ্য, জমির বৈধ মালিকানা-সংক্রান্ত কাগজপত্র থাকা সত্ত্বেও একটি পক্ষ জমি দখলের চেষ্টা করছে। জমি নিয়ে কোনো বিরোধ থাকলে প্রচলিত আইন ও আদালতের মাধ্যমে তার নিষ্পত্তি হওয়া উচিত। আইন নিজের হাতে তুলে নিয়ে জোরপূর্বক জমি দখলের চেষ্টা গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।
অভিযোগের বিষয়ে ফিরোজুর রহমান বাবলু বলেন, জমিজমা-সংক্রান্ত সমস্যার সমাধান অনেক আগেই হয়েছে। তাঁদের বাড়ি করার জায়গা আগেই ছেড়ে দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, তাঁরা রাস্তার পাশের ওই জায়গা ভোগদখল করছেন। মোহাম্মদ আলীদের মারধরের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, তাঁরা তাঁর ছেলেদের মারধর করে রক্তাক্ত করেছেন।
এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলিউর রহমান বলেন, জমিজমা-সংক্রান্ত বিষয়টি সম্পূর্ণ আদালতের এখতিয়ারভুক্ত। তবে এর সঙ্গে কোনো ফৌজদারি অপরাধ জড়িত থাকলে তিনি তা দেখবেন। তদন্ত কর্মকর্তার সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এন/এস
বাংলাদেশ সময়: ২২:০৭:৪৩ ৯ বার পঠিত | ● চাটমোহরে জমি দখল ● দক্ষিণ শিবরামপুর ● পাবনা ● মোহাম্মদ আলী