ঢাকা সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
শিরোনাম
![]()
পাবনা: জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর কাছ থেকে বেশি বরাদ্দ নেওয়ার চেষ্টা করে সংসদের বাইরে ১৯৭১ সালের ভূমিকার মতো আচরণ করলে জনগণ তা মেনে নেবে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
রোববার পাবনার সুজানগর উপজেলার সাতবাড়িয়ায় পদ্মা ব্যারাজ প্রকল্পের স্থান পরিদর্শন শেষে মালিফা হাই স্কুল মাঠে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, একটি ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে মাত্র আট মাস হলো প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করেছে। এরই মধ্যে রোডমার্চ ও লংমার্চ দিতে হবে, তা তাঁরা প্রত্যাশা করেননি। বিরোধী দলের সদস্যরা নিজেরাই সংসদে বলেছেন, গ্যাস নেই, বিদ্যুৎ নেই, তেল নেই—এটি একটি বৈশ্বিক সমস্যা।
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিরোধী দল সহযোগিতা করবে এবং দায়িত্ববোধ নিয়ে সরকারের পাশে থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
এ্যানি বলেন, আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজের উদ্বোধন করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের বিপুলসংখ্যক মানুষ সুফল পাবেন। দক্ষিণ-পশ্চিমাঞ্চলসহ দেশের দুই-তৃতীয়াংশ জনগোষ্ঠী এ প্রকল্পের সুবিধা পাবে। এতে প্রায় ছয় কোটি মানুষ উপকৃত হবে।
তিনি বলেন, তারেক রহমান সাহসী উদ্যোগ নিয়েছেন। এটি একটি মেগা প্রকল্প। নির্বাচনের আড়াই মাসের মাথায় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে ৩৫ হাজার কোটি টাকা এবং দ্বিতীয় পর্যায়ে ৫০ থেকে ৫৫ হাজার কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়িত হবে।
নদীপাড়ের সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে জীবনযাপন করছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, তাঁদের জীবনমানের উন্নয়ন এবং দেশের স্বার্থেই পদ্মা ব্যারাজ প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
এ্যানি বলেন, বেগম খালেদা জিয়া জীবদ্দশায় ২০০৪ সালে প্রকল্পটির উদ্যোগ নিয়েছিলেন। ২০১৬ সালে পদ্মা ব্যারাজের কাজ শেষ হবে বলে আশা করা হয়েছিল। একটি নির্বাচিত সরকারের পক্ষেই বড় চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব, অনির্বাচিত সরকারের পক্ষে তা সম্ভব নয়। দেশের ও জনগণের স্বার্থেই পদ্মা ব্যারাজ প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের আশাবাদ জানিয়ে তিনি বলেন, পানি উন্নয়ন বোর্ড ও পানিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে কাজ এগিয়ে নেওয়া হবে। প্রকল্পের কাজ শেষ করতে সরকার দায়িত্ব নিয়ে কাজ করবে।
পাবনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এ কে এম সেলিম রেজা হাবিবের সভাপতিত্বে পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস, পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শফিকুল হক মিলন এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা।
এর আগে মন্ত্রী সাতবাড়িয়ায় পদ্মা ব্যারাজ প্রকল্পের স্থান পরিদর্শন করেন। এ সময় পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সেলিম রেজা হাবিব, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আরিফা সুলতানা রুমা, পদ্মা ব্যারাজ প্রকল্পের প্রথম পর্যায়ের পরিচালক হাসান মাহমুদ, পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার আবু আশ্রাফ, সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পদ্মা ব্যারাজ প্রকল্পের প্রথম পর্যায়ের পরিচালক হাসান মাহমুদ জানান, পাবনার সুজানগর থেকে রাজবাড়ী জেলার সঙ্গে সংযোগ স্থাপন করে পদ্মা ব্যারাজ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে সুজানগর উপজেলাসহ পাবনা ও রাজবাড়ী জেলা এবং আরও ১৯ জেলার চিত্র পাল্টে যাবে। দেশের এক-তৃতীয়াংশ মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।
তিনি বলেন, পদ্মা ব্যারাজ নির্মিত হলে প্রায় আট মাস বিদ্যুৎ উৎপাদনের সুযোগ তৈরি হবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রও এ প্রকল্পের সুফল পাবে। বর্ষা মৌসুমে ব্যারাজের ৭৮টি গেট খোলা রাখা হবে। এতে পানিপ্রবাহ ব্যবস্থাপনা সহজ হবে বলে আশা করা হচ্ছে।
প্রকল্পটি বাস্তবায়িত হলে কৃষি, সেচ, বিদ্যুৎ উৎপাদন ও পানি ব্যবস্থাপনায় ব্যাপক পরিবর্তন আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রকল্প পরিচালক।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা বিএনপি নেতা নূর মাসুম বগা, আনিছুল হক বাবু, আবু ওবায়দা শেখ তুহিন, অ্যাডভোকেট আরশেদ আলম, আজম আলী বিশ্বাস, আলহাজ্ব এবিএম তৌফিক হাসান, আহমেদ আলী প্রামানিক লাটু, মনিরুজ্জামান মনি, আসলাম মন্ডল, উপজেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক আনিছুর রহমান খোকন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টু, সদস্য সচিব রিয়াজ মন্ডল এবং ছাত্রদল নেতা সাকিবুলসহ অসংখ্য নেতাকর্মী।
বাংলাদেশ সময়: ১৯:৪৯:২৯ ১০ বার পঠিত | ● তারেক রহমান ● পদ্মা ব্যারাজ প্রকল্প ● শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ● সুজানগর পাবনা