ঢাকা সোমবার, ২ নভেম্বর ২০২৬
শিরোনাম
![]()
কুষ্টিয়া: বীর মুক্তিযোদ্ধা মানিক প্রসারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার অভিযোগ এবং এ ঘটনায় জামায়াত-শিবিরের চক্রান্তের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ নভেম্বর) সকাল ১০টায় ভেড়ামারা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, ভেড়ামারা উপজেলা কমান্ডের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে বীর মুক্তিযোদ্ধা, তাঁদের সন্তান, পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবু দাউদ, বীর মুক্তিযোদ্ধা তাশফের, আজগর আলী, আনসার আলী, বাবলু ও মোস্তফা, মুক্তিযোদ্ধার সন্তান ও উপজেলার সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক আব্দুল হাই আল হাদিসহ স্থানীয় মুক্তিযোদ্ধা এবং তাঁদের পরিবারের সদস্যরা।
কর্মসূচিতে বক্তারা বীর মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা রক্ষার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা মুক্তিযোদ্ধাদের জানাজা ও দাফনের মতো ধর্মীয় ও সামাজিক কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
বক্তারা বলেন, পিরোজপুর সদর উপজেলার চিতলিয়া গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী গত ২৪ অক্টোবর অসুস্থতাজনিত কারণে মারা যান। তাঁর মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হলে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের স্থানীয় নেতা-কর্মীরা জানাজা, রাষ্ট্রীয় গার্ড অব অনার ও দাফনে বাধা দেন বলে অভিযোগ করা হয়। এমনকি কবর খোঁড়ার পরও সেখানে মাটি চাপা দিয়ে দাফনকাজে বাধা দেওয়া হয় বলে বক্তারা জানান।
তাঁরা আরও বলেন, মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়া বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাঁদের সম্মান ও মর্যাদা রক্ষা করা সবার দায়িত্ব। মুক্তিযোদ্ধাদের প্রতি অসম্মানজনক আচরণ কিংবা তাঁদের শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় বাধা দেওয়ার মতো অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। এ ঘটনার পুনরাবৃত্তি হলে ভবিষ্যতে কঠোর কর্মসূচি দেওয়ার পরিকল্পনার কথাও জানান তাঁরা।
মানববন্ধন থেকে বীর মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান নিশ্চিত করা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করা হয়।
বাংলাদেশ সময়: ১৪:৫১:০৪ ৩ বার পঠিত | ● ভেড়ামারা মুক্তিযোদ্ধা সংসদ ● মানিক প্রসারী ● মুক্তিযোদ্ধার জানাজা ও দাফন