ঢাকা বুধবার, ২০ মে ২০২৬
শিরোনাম
![]()
ময়মনসিংহ: ঈশ্বরগঞ্জে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের গণহত্যায় নিশ্চুপ বিশ্বের মুসলিম রাষ্ট্র প্রধানদের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
আজ (৭ এপ্রিল) সোমবার বাদ আসর উপজেলার যুব সমাজের উদ্যোগে ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ মাঠে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। আরাফাত করিম ইমন, জুবায়ের হোসেন ইমন, মেহেদী হাসান ফাহাদ নামে তিন তরুণের তত্ত্বাবধানে এই গায়েবানা জানাজার আয়োজন বাস্তবায়ন হয়।
গায়েবানা জানাজার ইমামতি, দোয়া ও মুনাজাত পরিচালনা করেন, রাজধানী ঢাকার জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসার শিক্ষার্থী মুফতি মারুফ আল মাহমুদ। এসময় তিনি বলেন, বিশ্বের যেসকল মুসলিম রাষ্ট্র প্রধান গাজাবাসীদের গণহত্যায় বাকরুদ্ধ হয়ে আছেন তারা বেঁচে থেকেও যেন মরে গেছেন। তাই আমরা বিশ্বের নিশ্চুপ সকল মুসলিম রাষ্ট্র প্রধানদের উদ্দেশ্যে প্রতীকী গায়েবানা জানাজা আদায় করেছি। যাতে তাদের নূন্যতম লজ্জাবোধ থেকে হলেও দখলদার ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেয়।
জানাজায় উপস্থিত হয়ে ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহ্ নূরুল কবির শাহীন বলেন, ফিলিস্তিনের গাজায় গণহত্যার সমর্থনে বিশ্বের সকল ইহুদিরা কিন্তু এক। সময় এসেছে বিশ্বের সকল মুসলমান একত্রিত হয়ে ইহুদীদের বিরুদ্ধে আন্দোলন করার। এসময় তিনি আরও বলেন, ফিলিস্তিনে যে গণহত্যা চলছে, তা দেখেও না দেখার বান করছে জাতিসংঘ। জাতিসংঘের কাজ হলো নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠা করা। কিন্তু জাতিসংঘ আজ চুপ হয়ে আছে। আমরা এ জন্য নিন্দা জানাই৷ বিশ্বের সকল মুসলিম নেতাদের ফিলিস্তিনে গণহত্যার বিরুদ্ধে একত্রিত হওয়ার আহবান জানান বিএনপির এই নেতা। এসময় তিনি যুব সমাজের উদ্যোগে গায়েবানা জানাজা আয়োজনকারীদের ধন্যবাদ জানান।
এর আগে ফিলিস্তিনে বর্বর ইসরায়েলি হামলার প্রতিবাদে বিশ্বব্যাপী “দ্য ওয়াল্ড স্ট্যান্ট ফর গাজা” কর্মসূচি বাস্তবায়নে ইত্তেফাকুল উলামা ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সোমবার দুপুরে মিছিলটি ঈশ্বরগঞ্জ মার্কাজ মসজিদের সামনে থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ শেষে জেলা পরিষদের ডাকবাংলো প্রাঙ্গণে গিয়ে প্রতিবাদ সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়। এ সময় বিক্ষোভকারীরা ‘ফ্রি ফ্রি ফিলিস্তিন’, ‘আমরা কারা, তোমরা কারা ফিলিস্তিন ফিলিস্তিন’ বলে স্লোগান দেন। পাশাপাশি বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও গাজার পতাকা হাতে নিয়ে মিছিলে অংশ নিতে দেখা যায় বিভিন্ন শ্রেণির পেশার মানুষের।
মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, ইত্তেফাকুল উলামা ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি মাহমুদুল হক আজিজী, সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক, পৌর শাখার সাধারণ সম্পাদক মাওলানা মাহফুজুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুফতী হাবিবুল্লাহ, ঈশ্বরগঞ্জ মডেল মসজিদের খতিব মুফতী আহসানুল্লাহ কাসেমী, ইসলামি ছাত্র আনদোলনের ছাত্রনেতা আব্দুল্লাহ জোবায়ের প্রমুখ।
এন/ আর
বাংলাদেশ সময়: ২৩:১৭:১৫ ২৪১ বার পঠিত | ● ঈশ্বরগঞ্জ ● বিক্ষোভ ● সমাবেশ