ঢাকা মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
শিরোনাম
![]()
গাজীপুর: সরকারি জমি অবৈধভাবে দখল করে ইট, বালি ও খোয়া বিক্রি করতো একদল দখলদার। দীর্ঘদিন যাবত দখলদার এমন ব্যবসা চালিয়ে গেলেও সরকারি নিয়ম নীতির তারা তোয়াক্কা করতো না। প্রশাসনের পক্ষ থেকে তাদের ব্যবসা বন্ধ করতে মৌখিকভাবে জানালেও তাতে তারা কর্নপাত করতো না। সম্প্রতি তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে আর্থিক জরিমানা করেন উপজেলা প্রশাসন। উদ্ধার করে বেদখল জমি। জমি পতিত ফেলে রাখতে চায় না প্রশাসন। তাই সেখানে স্থানীয় শিশুদের জন্য তৈরি করতে চায় খেলার মাঠ। যুব সমাজকে খেলাধুলায় মনোনিবেশ করতে খেলার উপযুক্ত পরিবেশ সৃষ্টির লক্ষ্যে কালীগঞ্জ পৌর খেলার মাঠের ঘোষণা দিয়েছেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ।
কালীগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ড দড়িসোম এলাকার শীতলক্ষ্যা নদীর তীরবর্তী গুদারাঘাট সংলগ্ন জায়গায় এই খেলা মাঠের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ স্থানীয় খেলোয়াড় ও যুবকদের নিয়ে পৌর মাঠের উদ্বোধন করেন। এই সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরী তাসমিন উর্মি, কালীগঞ্জ পৌর ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা মো. আলী হোসেনসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় গণমাধ্যমকর্মী, ব্যবসায়ী ও ভূমি অফিসের অন্যান্য কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ বলেন, আমাদের খেলাধুলার স্থান সংকুচিত হয়ে পড়েছে। যুব সমাজ যেনো বিপদগামী না হয়। মাদক থেকে তারা যেন দূরে থাকে। তাদের জন্য খেলাধুলার পরিবেশ তৈরি করে দিতে হবে। সেই লক্ষ্যে দখলকৃত জমি উদ্ধার করে সেখানে খেলার মাঠ তৈরি করছি।
সহকারী কমিশনার (ভূমি) নুরী তাসমিন উর্মি বলেন, পর্যাপ্ত খেলাধুলার জায়গা পেলে পড়ালেখার পাশাপাশি যুব সমাজ মননশীল হয়ে উঠবে। তাই আমরা যে যার অবস্থান থেকে যুব সমাজের জন্য খেলাধুলার পরিবেশ করে দেয়া দরকার।
নতুন খেলার মাঠ পেয়ে স্থানীয় যুবকরা খুশি। তাই তারা ইউএনও ও সংশ্লিষ্টদের সাধুবাদ জানান। স্থানীয় কয়েকজন যুবক জানান, এখন থেকে শীতলক্ষ্যা নদী তীরবর্তী ঘেষা মাঠে খেলাধুলা করতে পারবো। এতে আমরা বেজায় খুশি। সেই সাথে উদীয়মান খেলোয়াড় তৈরি হবে। বিভিন্ন লীগ প্রতিযোগিতায় তারা অংশগ্রহণ করতে পারবে।
আফ/আর
বাংলাদেশ সময়: ১৯:৫৪:১৭ ১০৬ বার পঠিত | ● কালীগঞ্জ ● গাজীপুর
----