ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
শিরোনাম
![]()
কুমিল্লা: দেবিদ্বারে সিএনজি অটোরিকশার সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আব্দুল ওয়াহেদ সরকার (৭০) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চালকসহ আরও চারজন। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকাল সাড়ে ৫ টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের চরবাকর বাস স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল ওয়াহেদ সরকার দেবিদ্বার পৌর এলাকার বারেরা গ্রামের মৃত আব্দুল গণি সরকারের ছেলে। তিনি পেশায় একজন টিউব ওয়েল মেকানিক ছিলেন।
গুরুতর আহতদের মধ্যে রয়েছেন পৌর এলাকার বড় আলমপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে সিএনজি চালক আবুল কাশেম, সুবিল ইউনিয়নের মাছুয়াবাদ গ্রামের ছিদ্দিকুর রহমানের ছেলে মো. নাইম, ছোট আলমপুর গ্রামের আব্দুল করিম সরকারের ছেলে তাহসিন এবং অজ্ঞাত এক নারী। স্থানীয়রা তাদের উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ওয়াহেদ সরকারকে মৃত ঘোষনা করে। পরে চালক আবুল কাশেমকে আশঙ্কাজনক অবস্থায় কুমেক হাসপাতালে স্থানান্তর করা হয়।
আহত যাত্রী মো. নাইম জানান, তারা কংশনগর থেকে দেবিদ্বার আসছিলেন। চরকাকর স্টেশনের কাছাকাছি পৌঁছালে হঠাৎ রাস্তার ওপর একটি কুকুর উঠে আসে। কুকুরটিকে বাঁচাতে গিয়ে সিএনজি চালক নিয়ন্ত্রণ হারালে বিপরীত দিক থেকে আসা কুমিল্লাগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে যায় এবং যাত্রী আব্দুল ওয়াহেদ সরকার ঘটনাস্থলেই মারা যান। সিএনজি চালকসহ তারা চারজন গুরুতর আহত হন।
এ বিষয়ে মীরপুর হাইওয়ে থানার ইনচার্জ পারভেজ আলী বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”
এন/ আর
বাংলাদেশ সময়: ২১:৫৬:৪২ ২৮০ বার পঠিত | ● দেবিদ্বার ● নিহত ● সংঘর্ষ ● সিএনজি-ট্রাক