ঢাকা রবিবার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম
![]()
নেত্রকোনা-১: (কলমাকান্দা–দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল ত্রয়োদশ জাতীয় সংসদের উপ-স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন। জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সংসদ সদস্যদের কণ্ঠভোটে তিনি এ পদে নির্বাচিত হন। পরে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাকে শপথবাক্য পাঠ করান।
স্বাধীনতার পর এই আসন থেকে প্রথমবারের মতো কেউ জাতীয় সংসদের উপ-স্পিকারের দায়িত্ব পাওয়ায় নেত্রকোনার কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলাসহ পুরো জেলায় আনন্দ ও গর্বের আবহ তৈরি হয়েছে। স্থানীয়দের মতে, এটি শুধু একজন ব্যক্তির অর্জন নয়—বরং পুরো অঞ্চলের মানুষের জন্য একটি সম্মানের বিষয়।
১৯৭২ সালের ৩১ ডিসেম্বর নেত্রকোনার কলমাকান্দা উপজেলার চত্রংপুর গ্রামে জন্মগ্রহণ করেন কায়সার কামাল। জনসেবার ঐতিহ্যবাহী একটি পরিবারে তার বেড়ে ওঠা। তার বাবা প্রয়াত মোস্তফা কামাল মনছুর কলমাকান্দা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তার দাদা ও নানাও একসময় স্থানীয় পঞ্চায়েতের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ফলে ছোটবেলা থেকেই জনসেবা ও নেতৃত্বের পরিবেশে বড় হয়েছেন তিনি।
শিক্ষাজীবনে তিনি ময়মনসিংহ জেলা বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং আনন্দমোহন মহাবিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
এরপর যুক্তরাজ্যে গিয়ে আইন বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন। দেশে ফিরে আইন পেশায় যুক্ত হয়ে দীর্ঘদিন আইনচর্চা করেছেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ আইনি বিষয়ে সক্রিয় ভূমিকা পালন করেছেন।
ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন কায়সার কামাল। ধীরে ধীরে জাতীয় রাজনীতিতে নিজের অবস্থান তৈরি করেন তিনি। তিনি দীর্ঘদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং দলটির আইনবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি প্রথমবারের মতো জাতীয় সংসদ সদস্য হিসেবে বিপুল ভোটে নির্বাচিত হয়ে চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি ভূমি প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই আন্তরিকতা, স্বচ্ছতা ও ন্যায়নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন।
এরই ধারাবাহিকতায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সংসদ সদস্যদের কণ্ঠভোটে তিনি জাতীয় সংসদের উপ-স্পিকার হিসেবে নির্বাচিত হন। সাংবিধানিক বিধান অনুযায়ী উপ-স্পিকার নির্বাচিত হওয়ার পর তিনি দলটির সব সাংগঠনিক পদ থেকে পদত্যাগ করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কায়সার কামাল দীর্ঘদিন ধরে ব্যক্তিগত উদ্যোগে অসহায় ও চিকিৎসাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে আসছেন। হৃদরোগ, ক্যানসার, কিডনি ও থ্যালাসেমিয়াসহ নানা জটিল রোগে আক্রান্ত মানুষের চিকিৎসা সহায়তায় ভূমিকা রেখেছেন তিনি।
এ ছাড়া বিভিন্ন এলাকায় রাস্তা নির্মাণ, অস্থায়ী সেতু স্থাপন, ধর্মীয় উপাসনালয়, কবরস্থান ও শ্মশান সংস্কার এবং গৃহহীন মানুষের জন্য ঘর নির্মাণে সহায়তা করেছেন বলে এলাকাবাসী জানান।
নেত্রকোনা-১ আসনটি সমতল, পাহাড়ি ও আংশিক হাওড় অঞ্চল নিয়ে গঠিত একটি ঐতিহাসিক জনপদ। মুক্তিযুদ্ধ ছাড়াও হাজং বিদ্রোহ, তেভাগা আন্দোলন, হাতিখেদা আন্দোলন এবং ব্রিটিশবিরোধী টংক আন্দোলনের মতো নানা ঐতিহাসিক ঘটনার জন্য এ অঞ্চল সুপরিচিত।
এমন একটি ঐতিহ্যবাহী জনপদের প্রতিনিধিত্ব করতে গিয়ে উন্নয়ন ও জনসেবাকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন কায়সার কামাল। জাতীয় সংসদের উপ-স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে তার রাজনৈতিক জীবনে যেমন নতুন অধ্যায় শুরু হয়েছে, তেমনি নেত্রকোনা-১ আসনের মানুষের প্রত্যাশাও বেড়েছে বহুগুণ।
এন/ আর
বাংলাদেশ সময়: ০:১১:৫৬ ১২৮ বার পঠিত | ● কলমাকান্দা ● দুর্গাপুর ● ব্যারিস্টার কায়সার