ঢাকা বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম

নেত্রকোনা: বৃষ্টির পানিতে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার হাওরাঞ্চলে তলিয়ে যাচ্ছে কৃষকের স্বপ্ন। এমন দুর্যোগের মুহূর্তে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ালেন জাতীয় সংসদের নবনিযুক্ত ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে উপজেলার বড়খাপন ইউনিয়নের কাউয়ার বাড়ি খাল ও তৎসংলগ্ন প্লাবিত এলাকা আকস্মিক পরিদর্শন করেন তিনি। এ সময় কৃষকদের দুর্দশা দেখে গভীর উদ্বেগ ও সমবেদনা প্রকাশ করেন এবং দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
ডেপুটি স্পিকার বলেন, “এই অঞ্চলের মানুষের একমাত্র অবলম্বন কৃষি। হঠাৎ পানিতে ফসল তলিয়ে যাওয়ায় কৃষকের জীবন-জীবিকা হুমকির মুখে পড়েছে। কেউ কিছু ফসল ঘরে তুলতে পারবে, কেউ পারবে না—এটা অত্যন্ত বেদনাদায়ক। আমরা দায়িত্ব নিয়েছি, কৃষকের পাশে থাকবো।”
তিনি আরও জানান, প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে অস্থায়ী বাঁধ নির্মাণ ও ক্ষতিগ্রস্তদের জন্য অনুদানের ব্যবস্থা করা হয়েছে। কৃষকের সন্তান হিসেবে তাদের কষ্ট তিনি হৃদয়ে অনুভব করেন বলেও উল্লেখ করেন।
হাওরাঞ্চলের এ সংকটের জন্য বিগত সময়ের অব্যবস্থাপনা ও অনিয়মকে দায়ী করে তিনি বলেন, দীর্ঘদিন ধরে নদী-খাল খনন না হওয়ায় পানি নিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়েছে। কোথাও কোথাও অপরিকল্পিত বাঁধ দিয়ে প্রাকৃতিক প্রবাহ বাধাগ্রস্ত করা হয়েছে, যার প্রভাব আজ ভয়াবহ আকারে দেখা দিচ্ছে।
তিনি পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “হাওরাঞ্চল রক্ষায় স্থায়ী সমাধান দরকার। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত মাঠে নেমে কৃষকদের সঙ্গে কথা বলে বাস্তবসম্মত উদ্যোগ নিক।”
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. মিকাইল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সিদ্দিক হোসেনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।
এ সময় সাধারণ কৃষকরাও তাদের দুর্দশার কথা তুলে ধরে দ্রুত কার্যকর সহায়তার দাবি জানান।
হাওরের বিস্তীর্ণ জমিতে অনিশ্চয়তার ছায়া নেমে এলেও কৃষকের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে ডেপুটি স্পিকারের এ পরিদর্শন স্থানীয়দের মাঝে নতুন আশার সঞ্চার করেছে।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৮:৪৭:০৩ ১০৭ বার পঠিত | ● কলমাকান্দা ● ডেপুটি স্পিকার . কায়সার কামাল