ঢাকা সোমবার, ১৭ আগস্ট ২০২৬
শিরোনাম
![]()
কুষ্টিয়া: রুপালি মৎস্যে স্বনির্ভর, সবার আগে বাংলাদেশ—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার ভেড়ামারায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬। এ উপলক্ষে ১৬ আগস্ট (রবিবার) সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ের উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ রাশেদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আমিরুল আরাফাত। উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইমদাদুল হক বিশ্বাসের সুচারু সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা কমান্ডার ও পৌর বিএনপির সভাপতি আবু দাউদ, পৌর জামায়াতে ইসলামীর আমির হাবিবুর রহমান হাবিব এবং ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা ও বিভিন্ন দপ্তরের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদা সুলতানা, উপজেলা সমবায় কর্মকর্তা নাজবিন নাহার, বিআরডিবি কর্মকর্তা মোঃ জহির উদ্দিন এবং আইসিটি কর্মকর্তা মার্জিয়া খানমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপজেলার মৎস্য চাষীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিরুল আরাফাত বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও আমিষের চাহিদা পূরণে মৎস্য খাতের অবদান অপরিসীম। আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষের মাধ্যমে ভেড়ামারা উপজেলা তথা পুরো দেশকে মৎস্য সম্পদে স্বনির্ভর করে তুলতে হবে। তিনি মৎস্য খাতের প্রসার ও চোরা শিকার রোধে প্রশাসন ও মৎস্য চাষীদের যৌথভাবে কাজ করার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রাশেদ হাসান মৎস্য চাষীদের সব ধরনের সরকারি সহায়তার আশ্বাস দেন এবং উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ ও প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র সুরক্ষার ওপর জোর দেন। আলোচনা সভা শেষে উপজেলার মৎস্য খাতের উন্নয়ন ও অর্জনের ওপর একটি তথ্যবহুল প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠান শেষে মৎস্য চাষে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ উপজেলার শ্রেষ্ঠ মৎস্য চাষীদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
এন/ আর
বাংলাদেশ সময়: ২০:৩৯:১৮ ১৪ বার পঠিত | ● জাতীয় মৎস্য ● পক্ষ শুরু ● বর্ণাঢ্য আয়োজন ● ভেড়ামারা