ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
![]()
লক্ষ্মীপুর: কমলনগরে ২ কেজি ৭৫০ গ্রাম ওজনের একটি বড় ইলিশ ১৩ হাজার ২৫০ টাকায় বিক্রি হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার মতিরহাট মাছঘাটে জেলে ফারুক মাঝি মাছটি বিক্রি করেন।
মতিরহাট ঘাটের আড়তদার ইব্রাহীম খোকন জানান, ঘাট এলাকার স্থানীয় জেলে ফারুক মাঝি এক সপ্তাহ পর বঙ্গোপসাগর থেকে ফিরে প্রায় দেড় লাখ টাকার ইলিশ বিক্রি করেন। এর মধ্যে বড় ইলিশটি পৃথকভাবে ১৩ হাজার ২৫০ টাকায় বিক্রি হয়। ঢাকার মাছ ব্যবসায়ী বাহার মিয়া মাছটি কিনে নেন।
ব্যবসায়ী বাহার মিয়া জানান, তিনি এখান থেকে ইলিশ কিনে ঢাকার বাজারে বিক্রি করেন। বড় ইলিশটি কমপক্ষে ১ থেকে ২ হাজার টাকা লাভে বিক্রি করা যাবে। ঢাকার ব্যবসায়ীরাও এতে আরও লাভ করতে পারেন। এ ধরনের বড় আকারের একটি ইলিশ ঢাকার বাজারে প্রায় ১৬ থেকে ১৭ হাজার টাকায় বিক্রি হয়।
বাহার মিয়া বলেন, ছোট মাছে কেজিপ্রতি ৫০ থেকে ১০০ টাকা লাভ হয়। তবে বড় ইলিশে ভালো লাভ করা যায়।
স্থানীয় আড়তদার আনোয়ার হোসেন জানান, নদীতে ইলিশ কমে গেছে। অন্যদিকে তেলের দাম বেড়ে যাওয়ায় জেলেদের মাছ শিকার করা কঠিন হয়ে পড়েছে। সাগরের জেলেরা মোটামুটি ইলিশ পাচ্ছেন।
এন/ এস
বাংলাদেশ সময়: ২৩:৩৫:৫০ ৮ বার পঠিত | ● ইলিশ ● ট্রলার ● হাতিয়া