ঢাকা    বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় সরকারি সড়কের গাছ কাটার মহোৎসব

ভেড়ামারায় সরকারি সড়কের গাছ কাটার মহোৎসব


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই ২০২৬


ভেড়ামারায় সরকারি সড়কের গাছ কাটার মহোৎসব

কুষ্টিয়া: ভেড়ামারা উপজেলায় সরকারি সড়কের পাশে থাকা মূল্যবান মেহগনি গাছ কাটার মহোৎসব চলছে। উপজেলার ফারাকপুর রেলগেট থেকে গোলাপনগর রায়টার অভিমুখে যাওয়ার পথে ‘ব্যাকাপুল’ নামক স্থানে সড়কের পাশে এই গাছ কাটার ঘটনা ঘটে। সরকারি জায়গায় বেড়ে ওঠা এসব বড় বড় গাছ ব্যক্তিমালিকানার দাবি করে কেটে ফেলা হচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

‎স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, চরদামুকদিয়া এলাকার মৃত জব্বার মালিথার ছেলে আজাদ মালিথা নামের এক ব্যক্তি এই গাছগুলো তার নিজস্ব সম্পত্তি বলে দাবি করছেন। গাছগুলো বিক্রির উদ্দেশ্যে ইতিমধ্যে শ্রমিক লাগিয়ে বেশ কয়েকটি বড় মেহগনি গাছ কেটে ফেলা হয়েছে। সরকারি রাস্তার ধারের গাছ কীভাবে একজন ব্যক্তির নিজস্ব সম্পত্তি হতে পারে, তা নিয়ে স্থানীয় জনগণের মধ্যে চরম ক্ষোভ ও বিস্ময়ের সৃষ্টি হয়েছে।

‎সরেজমিনে দেখা যায়, সড়কের সৌন্দর্য বর্ধনকারী এবং পরিবেশের ভারসাম্য রক্ষাকারী বিশাল আকৃতির মেহগনি গাছগুলো কেটে স্তূপ করে রাখা হচ্ছে। স্থানীয় সচেতন মহলের মতে, কোনো ধরনের আইনি টেন্ডার বা বন বিভাগের অনুমতি ছাড়াই প্রকাশ্য দিবালোকে এই গাছগুলো কাটা হচ্ছে। যদি এটি সামাজিক বনায়ন কর্মসূচির আওতায়ও হয়ে থাকে, তবুও নিয়ম অনুযায়ী বন বিভাগ ও উপজেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো অংশীদার এককভাবে গাছ কাটতে পারেন না।

‎এ বিষয়ে অভিযুক্ত আজাদ মালিথার সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি গাছগুলো তার নিজের জমির সীমানায় দাবি করেন। তবে রাস্তার ঢালে থাকা মেহগনি গাছগুলোর বৈধ কাগজপত্র বা গাছ কাটার সরকারি কোনো অনুমতিপত্র তিনি দেখাতে পারেননি।

‎সরকারি সম্পদ এভাবে লুটে নেওয়ার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে এলাকাবাসী দ্রুত উপজেলা প্রশাসন ও বন বিভাগের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা মেহগনি গাছ কাটা অবিলম্বে বন্ধ এবং সরকারি সম্পত্তি আত্মসাতের চেষ্টাকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

‎এই বিষয়ে ভেড়ামারা উপজেলা বন কর্মকর্তা জাহিদ হাসানের কথা হলে তিনি জানান, এটা এলজিইডি বিভাগের রাস্তা। সেই মোতাবেক এলজিইডির গাছ হওয়ার কথা। আপনারা প্রশাসনকে জানান ও এলজিইডি অফিসের সাথে কথা বলেন।

‎ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিরুল আরাফাত জানান, আপনাদের মাধ্যমে বিষয়টি আমাদের নজরে এসেছে। এ ব্যাপারে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৩০:৪৩   ৯৫ বার পঠিত  |         







খুলনা থেকে আরও...


ভেড়ামারায় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ব্যাগ বিতরণ
কয়রায় বিশেষ অভিযানে অনলাইন জুয়ায় জড়িত ৮ জনসহ আটক ১০
ভেড়ামারায় ১০ প্রাতিষ্ঠানিক জলাশয়ে মৎস্য পোনা অবমুক্ত
ভেড়ামারা পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নে পরামর্শ সভা
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনা রোধ ও ট্রাফিক সচেতনতা বৃদ্ধিতে ভেড়ামারা থানার বিশেষ কার্যক্রম



আর্কাইভ