ঢাকা    বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » আন্তর্জাতিক » ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের


অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই ২০২৬


ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

মধ্যপ্রাচ্যে মোতায়েনরত মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর কঠোর জবাব দেওয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, তেহরানকে এর জন্য চরম মাশুল গুনতে হবে।

জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলার পর ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ‌‘‘আমরা তাদের ভয়াবহভাবে পেটাবো। আমরা তাদের ওপর প্রচণ্ড আঘাত হানব। তারা চরম মার খেতে যাচ্ছে।’’

জর্ডানে ইরানি ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই মাঝআকাশে ধ্বংস করে দেওয়া হয়েছে বলে দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রে সেন্ট্রাল কমান্ডের ওই দাবির পরপরই ইরানে হামলা চালানোর বিষয়ে কড়া সতর্ক বার্তা দিলেন ট্রাম্প।

ইরানের ওই ক্ষেপণাস্ত্র হামলাকে ট্রাম্প ‘‘আকস্মিক হামলা’’ হিসেবে অভিহিত করে বলেন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটিতে পৌঁছানোর আগে প্রতিক্রিয়া জানানোর জন্য আমেরিকান সেনারা মাত্র কয়েক মিনিট সময় পেয়েছিল।

রিপাবলিকান এই নেতা বলেন, তিনি ভিডিও ফুটেজে মার্কিন কর্মীদের রিয়েল-টাইমে আসা ক্ষেপণাস্ত্রগুলো শনাক্ত, সেগুলোর স্থানাঙ্ক নির্ধারণ এবং আঘাত হানার আগেই ধ্বংস করতে দেখেছেন। তিনি বলেন, এই সফল সামরিক ব্যবস্থার ফলেই ইরানের ছোড়া কোনো ক্ষেপণাস্ত্র মার্কিন ঘাঁটিতে আঘাত হানতে পারেনি।

এই হামলার ঘটনা ওয়াশিংটন ও তেহরানের চলমান চরম উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বলেছে, মঙ্গলবার ভোর রাতের দিকে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি) মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনীর ওপর আকস্মিক হামলার চেষ্টা হিসেবে ইরানি ভূখণ্ড থেকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে সেন্টকম বলেছে, মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন বাহিনীকে লক্ষ্য করে আকস্মিক হামলার চেষ্টা চালিয়ে ইরানের অভ্যন্তরীণ ভূখণ্ড থেকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর।

সেন্টকম নির্দিষ্ট অবস্থান প্রকাশ না করলেও মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম অ্যাক্সিওস বলেছে, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোর মূল লক্ষ্যবস্তু ছিল জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটি।

এদিকে, ইরাকে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর ওপর যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ বিমান হামলার বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরাক সরকারের সঙ্গে পূর্ণ সমন্বয় করেই এই সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে।

তিনি ইরান-সমর্থিত এই মিলিশিয়া গোষ্ঠীগুলোকে বিশ্বের জন্য ক্যান্সার হিসেবে অভিহিত করে  বলেছেন, তেহরানের আঞ্চলিক মিত্রদের ওপর চাপ অব্যাহত রাখবে ওয়াশিংটন।

এমন চরম উত্তেজনাকর এবং আক্রমণাত্মক বক্তব্যের মাঝেও ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র কূটনৈতিক আলোচনা বন্ধ করবে না বলেও জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের এই প্রেসিডেন্ট বলেছেন, পুরো অঞ্চলজুড়ে সামরিক উত্তেজনা বাড়তে থাকলেও মার্কিন মধ্যস্থতাকারীরা তেহরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাবেন।

বাংলাদেশ সময়: ২২:০৭:৪১   ৬ বার পঠিত  |      







আন্তর্জাতিক থেকে আরও...


মিয়ানমার ৫ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে: আনোয়ার ইব্রাহিম
ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের
একাধিক রাজ্যে ধরপাকড়, ককরোচেরা উদ্বিগ্ন
ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী
এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, মোদিকে নতুন সতর্কবার্তা



আর্কাইভ