ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬
শিরোনাম
![]()
ঢাকা: সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবার হামলা হয়েছে। এতে বিমানবন্দরের একটি যাত্রী টার্মিনালে আগুন ধরে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না কিংবা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
গতকাল শনিবার এই বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ ১২ জন নিহত হন। এর পরদিন আজ রোববার আবার হামলার ঘটনা ঘটল। ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, একটি প্রক্ষেপিত অস্ত্র রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী টার্মিনালে আঘাত হেনেছে। এতে আগুন ধরে যায়। তবে অস্ত্রটি ক্ষেপণাস্ত্র, নাকি ড্রোন, তা নিশ্চিত হওয়া যায়নি।
এ ছাড়া রিয়াদ বিমানবন্দরের কাছে একটি ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট করা হয়েছে বলেও জানিয়েছে ওই জোট।
গতকাল শনিবার বিকেলে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আঘাত হানে। ওই ঘটনায় দুই বাংলাদেশি নিহত এবং চারজন গুরুতর আহত হন।
ঘটনাটি সম্পর্কে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল বেলা আনুমানিক ৩টা ২০ মিনিটে রিয়াদের কিং খালেদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের টার্মিনাল-৩-এর ওপর একটি ক্ষেপণাস্ত্র এসে পড়ে। ওই সময় বাংলাদেশসহ বিভিন্ন দেশের যাত্রীরা সেখানে অপেক্ষা করছিলেন। এ ঘটনায় দুই বাংলাদেশি নাগরিক নিহত হন। তাঁরা হলেন বগুড়ার শাহজাহানপুর উপজেলার মাদলা গ্রামের মো. শাহেদ আহম্মেদ এবং কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বদরপুর গ্রামের মো. নাসরুল্লাহ বদরপুরি।
এই হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ। মধ্যপ্রাচ্যের যুদ্ধে এ পর্যন্ত ১৪ জন বাংলাদেশিকে হারানোর কথা উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, ‘আমরা আশা করব যে এই বিপর্যয় বন্ধ হবে, এই আক্রমণ বন্ধ হবে। এ ধরনের মৃত্যু আসলে মেনে নেওয়া অত্যন্ত কষ্টকর।’
বাংলাদেশ সময়: ২৩:৫০:৪৩ ৭ বার পঠিত | ● কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর ● বাংলাদেশি নিহত ● রিয়াদ বিমানবন্দর হামলা ● সৌদি আরব