ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শিরোনাম
![]()
যুক্তরাজ্যের বিভিন্ন সৈকতে ভেসে এসেছে শত শত উজ্জ্বল নীল রঙের সামুদ্রিক প্রাণী। দেখতে অনেকটা জেলিফিশের মতো হলেও এগুলো প্রকৃত জেলিফিশ নয়। সামুদ্রিক জীববিজ্ঞানীদের মতে, প্রাণীগুলোর নাম ভেলেলা ভেলেলা, যা ‘বাই-দ্য-উইন্ড সেইলার’ নামে পরিচিত। সাম্প্রতিক তাপপ্রবাহ ও পশ্চিমা দিকের প্রবল বাতাসের কারণে এগুলো উপকূলে ভেসে এসেছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইংল্যান্ডের কামব্রিয়ার সেন্ট বিস সৈকতে সম্প্রতি শত শত ভেলেলা ভেলেলা দেখা গেছে। এর আগে গ্রীষ্মের শুরুতে ওয়েলসের উপকূলেও একই ধরনের প্রাণীর ব্যাপক উপস্থিতি লক্ষ করা যায়। বিশেষজ্ঞদের মতে, গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে এটি এ ধরনের প্রাণীর সবচেয়ে বড় উপস্থিতিগুলোর একটি।
সৈকতে বেড়াতে যাওয়া লুইস নিকলসন বিবিসিকে বলেন, ‘ওখানে শত শত প্রাণী ছিল। অনেক দর্শনার্থী ছবি তুলছিলেন। এগুলো খুবই সুন্দর। প্রতিটির দৈর্ঘ্য প্রায় দুই ইঞ্চি।’
বিশেষজ্ঞরা বলছেন, ভেলেলা ভেলেলা একক কোনো প্রাণী নয়। এটি অসংখ্য ক্ষুদ্র জীবের সমন্বয়ে গঠিত একটি উপনিবেশ, যা সম্মিলিতভাবে একটি প্রাণীর মতো আচরণ করে। প্রতিটির ওপরে স্বচ্ছ পালসদৃশ একটি অংশ থাকে, যা বাতাসের সাহায্যে সমুদ্রের ওপর ভেসে চলতে সহায়তা করে। নিচের শুঁড়ের সাহায্যে এগুলো প্ল্যাঙ্কটন খেয়ে বেঁচে থাকে।
আটলান্টিক, প্রশান্ত ও ভারত মহাসাগরে প্রাকৃতিকভাবেই এ প্রাণীর দেখা মেলে। বিশেষজ্ঞদের মতে, ঝড়ের পর পশ্চিমা দিকের প্রবল বাতাস অনেক সময় এগুলোকে উপকূলে ঠেলে নিয়ে আসে। এ বছরের অস্বাভাবিক উষ্ণ আবহাওয়াও এ ঘটনার পেছনে ভূমিকা রাখতে পারে। তাঁদের ধারণা, গ্রীষ্মজুড়ে এ ধরনের আরও ঘটনা ঘটতে পারে।
ভেলেলা ভেলেলা দেখতে পর্তুগিজ ম্যান-ও’-ওয়ারের মতো হলেও এর বিষ তুলনামূলকভাবে অনেক কম শক্তিশালী। তবে প্রাণীটি স্পর্শ করার পর চোখ, মুখ বা ঠোঁটে হাত দিলে হালকা জ্বালাপোড়া হতে পারে। এ কারণে বিশেষজ্ঞরা এগুলোকে দূর থেকে দেখার এবং স্পর্শ না করার পরামর্শ দিয়েছেন।
কামব্রিয়া ওয়াইল্ডলাইফ ট্রাস্টও সতর্ক করে বলেছে, দেখতে জেলিফিশের মতো হলেও ভেলেলা ভেলেলা প্রকৃত জেলিফিশ নয়। পশ্চিমা বাতাসের প্রভাবে এগুলো মাঝেমধ্যে উপকূলে ভেসে আসে। তাই সৈকতে এদের দেখা মিললেও স্পর্শ না করাই ভালো।
এদিকে যুক্তরাজ্যে চলমান তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। দেশটির আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছে, দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের কোথাও কোথাও তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। দীর্ঘস্থায়ী গরমের কারণে স্বাস্থ্যঝুঁকির আশঙ্কায় একাধিক অঞ্চলে সতর্কতাও জারি করা হয়েছে।
এন/ এস
বাংলাদেশ সময়: ১:৫৪:৪৭ ২ বার পঠিত |