ঢাকা বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
শিরোনাম
![]()
খুলনা: খুলনার কয়রা উপজেলায় ‘জুয়া, মাদক ও সন্ত্রাসকে না বলুন’ স্লোগানকে সামনে রেখে জুয়া ও মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক প্রচার চালিয়েছে কয়রা উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা।
খুলনা জেলা ছাত্রদলের নির্দেশনায় কয়রা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী সোহেল কবির পলাশের নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় শিক্ষার্থীদের মধ্যে জুয়া ও মাদকের ভয়াবহতা তুলে ধরে সচেতনতামূলক বক্তব্য দেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থীদের হাতে জুয়া ও মাদকবিরোধী বিভিন্ন সচেতনতামূলক হ্যান্ডবিল বিতরণ করা হয়।
কর্মসূচিতে ছাত্রদলের নেতাকর্মীরা বলেন, তরুণ প্রজন্ম একটি দেশের ভবিষ্যৎ। অথচ জুয়া ও মাদকের বিস্তার তরুণদের শিক্ষা, পরিবার ও সামাজিক জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে। শিক্ষার্থীদের এসব ক্ষতিকর কর্মকাণ্ড থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষক, সামাজিক সংগঠন ও রাজনৈতিক সংগঠনগুলোকে একসঙ্গে কাজ করতে হবে।
সোহেল কবির পলাশ বলেন, জুয়া ও মাদক একটি প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে। তাই শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরি করাও আমাদের সামাজিক দায়িত্ব। তরুণদের মাদক ও জুয়া থেকে দূরে রেখে তাদের শিক্ষা, খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত করার জন্য এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখা হবে।
তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানকে জ্ঞানচর্চা ও সুস্থ পরিবেশের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে। কোনো শিক্ষার্থী যাতে জুয়া, মাদক বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে বিষয়ে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের পাশাপাশি সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এ সময় কপোতাক্ষ কলেজ, কালনা আমেনিয়া ফাজিল মাদ্রাসা ও কয়রা মদিনাবাদ হাইস্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা ছাত্রদলের এ উদ্যোগকে সাধুবাদ জানান। তারা বলেন, শিক্ষার্থীদের মধ্যে জুয়া ও মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা তৈরি করা প্রয়োজন। এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখলে শিক্ষার্থীরা আরও সচেতন হবে এবং মাদক ও জুয়ার মতো ক্ষতিকর কর্মকাণ্ড থেকে দূরে থাকার সুযোগ তৈরি হবে। তারা ভবিষ্যতেও এ ধরনের ভালো উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বায়জিদ হোসেন লাবিব, আশিকুজ্জামান আশিক, ইকরামুল হোসেন, আরিফ হোসেন, শিহাব হোসেন, সোহেল রানা, আবু রায়হান, তৈবুর হোসেন মুহিন, তুহিন মিলন গাজী, আবুজার হোসেন, সাব্বির রহমানসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
কর্মসূচিতে নেতাকর্মীরা শিক্ষার্থীদের জুয়া ও মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান এবং একটি সুস্থ, মাদকমুক্ত ও নিরাপদ শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
এন/ এস
বাংলাদেশ সময়: ১৯:৪৩:১২ ৯ বার পঠিত | ● কয়রা ● ছাত্রদল ● প্রচার