ঢাকা বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
![]()
ভোলা: লালমোহনে একটি কাভার্ড ভ্যানসহ ৯ হাজার লিটার (৫০ ব্যারেল) অপরিশোধিত সয়াবিন তেল জব্দ করেছে পুলিশ। জব্দ করা তেলের আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৫০ হাজার টাকা। মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন থানা পুলিশের একটি দল মিনা চানাচুর ফ্যাক্টরির মালিক হেলাল উদ্দিনের গোডাউনে অভিযান চালিয়ে ২৮ ব্যারেল এবং ফ্যাক্টরির সামনে থাকা একটি কাভার্ড ভ্যান থেকে আরও ২২ ব্যারেল অপরিশোধিত সয়াবিন তেল জব্দ করে। এ ঘটনায় হেলাল উদ্দিন ও নাজিম উদ্দিনসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে লালমোহন থানায় মামলা করা হয়েছে।
জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ভোলা-চরফ্যাশন মহাসড়কের পাশে ফায়ার সার্ভিস এলাকার খান সাহেব রোডে মিনা চানাচুর ফ্যাক্টরির সামনে সড়কের ওপর ২২ ব্যারেল তেলসহ একটি কাভার্ড ভ্যান রেখে চালক পালিয়ে যান। খবর পেয়ে লালমোহন থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে কাভার্ড ভ্যানটি জব্দ করে থানায় নিয়ে আসে। কাভার্ড ভ্যানটির নম্বর ঢাকা মেট্রো-ন, ১৯-৫৬৪৬। ভ্যানের ভেতরে একটি ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায়, সেটিও জব্দ করেছে পুলিশ। পরে তল্লাশি চালিয়ে মিনা চানাচুরের গোডাউন থেকে আরও ২৮ ব্যারেল অপরিশোধিত সয়াবিন তেল জব্দ করা হয়।
ওই এলাকার প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মিনা চানাচুর ফ্যাক্টরির মালিক হেলাল উদ্দিন অপরিশোধিত ও ভেজাল সয়াবিন তেল দিয়ে চানাচুর তৈরি করে বাজারজাত করে আসছেন। এসব চানাচুর খেয়ে মানুষ বিভিন্ন রোগে ভুগছে বলেও তারা জানান।
লালমোহন থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলামের মোবাইল ফোনে বারবার কল করলেও তিনি রিসিভ না করায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
ভোলা জেলা পুলিশের ফেসবুক পোস্টে এ বিষয়ে উল্লেখ করা হয়, চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে ভোলা জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষায় ভোলা জেলা পুলিশ সর্বদা জনগণের পাশে থাকবে।
এন/ এস
বাংলাদেশ সময়: ০:০০:৪৬ ৭ বার পঠিত | ● তেল জব্দ ● লালমোহন ● সয়াবিন