ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম
![]()
পটুয়াখালী: দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক স্বার্থ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু তালুকদার এবং কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান হাওলাদারের পদ স্থগিত করেছে জেলা বিএনপি। বুধবার, ৭ অক্টোবর পৃথক চিঠির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়। বৃহস্পতিবার, ৮ অক্টোবর বিষয়টি প্রকাশ্যে আসে।
পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ মজিবুর রহমান টোটন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক স্বার্থ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে হাফিজুর রহমান চুন্নু তালুকদারের কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদ স্থগিত করা হয়েছে।
একই অভিযোগে মোঃ মতিউর রহমান হাওলাদারের কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক পদও স্থগিত করা হয়েছে। দলের ভাবমূর্তি রক্ষা ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।
এর আগে, গত ২২ সেপ্টেম্বর কলাপাড়ায় মানিব্যাগ চুরির অভিযোগকে কেন্দ্র করে জিসান (১২) নামের এক শিশু ও তার মা নাজমা বেগমকে মারধরের অভিযোগ ওঠে অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নুর বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়।
অন্যদিকে, কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান হাওলাদারকে গত ৩ অক্টোবর কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল জেলা বিএনপি। নোটিশে অভিযোগ করা হয়, বিচারাধীন এবং আদালতের নিষেধাজ্ঞা বহাল থাকা জমি সংক্রান্ত বিষয়ে কুয়াকাটা পৌর বিএনপির কার্যালয়ে হাজির হওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছিল। অন্যথায় একতরফাভাবে বিচার করে আইনগত ব্যবস্থা নেওয়ার হুমকিও দেওয়া হয় বলে নোটিশে উল্লেখ করা হয়।
জেলা বিএনপির ওই নোটিশে এ ধরনের কার্যক্রমকে দলীয় শৃঙ্খলা, সাংগঠনিক আচরণ ও দলের ভাবমূর্তির পরিপন্থী হিসেবে উল্লেখ করা হয়। একই সঙ্গে ৪৮ ঘণ্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে লিখিত জবাব দিতে বলা হয়। পরবর্তীতে তাঁর পদ স্থগিতের সিদ্ধান্ত জানানো হয়।
এ বিষয়ে কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আব্দুল আজিজ মুসুল্লী বলেন, “এরকম কোনো কাগজ এখনো হাতে পাইনি। এক ঘণ্টা আগে শুনেছি কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদকের পদ স্থগিত করা হয়েছে। ঊর্ধ্বতন নেতাদের কাছে জানার চেষ্টা করছি কেন এই ঘটনা ঘটলো।”
এন/ আর
বাংলাদেশ সময়: ১৯:১০:৫৬ ৫ বার পঠিত | ● কলাপাড়া ● কুয়াকাটা ● পদ স্থগিত ● সম্পাদক