ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
শিরোনাম
![]()
ফরিদপুর:নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে ফরিদপুরের আলফাডাঙ্গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।
বুধবার বিকেলে আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির একাংশের ব্যানারে অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরোনো বাস টার্মিনালে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বোয়ালমারী সরকারি কলেজের সাবেক ভিপি ও আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সামসুদ্দিন মিয়া ঝুনু।
তিনি বলেন, পতিত স্বৈরাচারী সরকারের দোসর ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ দেশজুড়ে পুনরায় সন্ত্রাস, গুপ্ত হামলা ও নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করে গণতন্ত্রের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চায়। তবে বিএনপির নেতাকর্মীরা রাজপথে সজাগ রয়েছেন। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং সব ধরনের অপতৎপরতা প্রতিহত করতে তাঁরা প্রস্তুত।
তিনি আরও বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে তাঁরা কাজ করছেন। কোনো অপশক্তিকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না।
সমাবেশে আরও বক্তব্য দেন আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান খোকন, বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান বাবু, আলফাডাঙ্গা পৌর যুবদলের আহ্বায়ক সৈয়দ মিজানুর রহমান, বোয়ালমারী পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মনির হোসেন এবং আলফাডাঙ্গা উপজেলা শ্রমিক দলের সভাপতি মাহমুদুল হাসান ইয়াদ। এ সময় উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৫:৩৮:২৪ ১৪ বার পঠিত | ● আলফাডাঙ্গা বিএনপি ● নিষিদ্ধ আওয়ামী লীগ ● ফরিদপুরের রাজনৈতিক কর্মসূচি