ঢাকা রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
![]()
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সীমান্তের ওপারে কে কী করছে, তা তিনি জানেন না। তবে সীমান্তের এপারে বাংলাদেশের অভ্যন্তরে কেউ কোনো ধরনের অপতৎপরতা চালাতে পারবে না।
শনিবার দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সম্প্রতি গোপালগঞ্জ, গাজীপুরসহ বিভিন্ন স্থানে সহিংসতায় আহত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখতে যান তিনি। এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, সীমান্তের ওপার থেকে যারা জ্বালাও-পোড়াওয়ের ঘোষণা দিচ্ছে, তাদের কয়েকজন দেশের দুই-একটি স্থানে ইউনিয়ন পর্যায়ে মশাল মিছিল করেছে বলে তিনি শুনেছেন ও দেখেছেন। তবে এগুলো খুবই বিচ্ছিন্ন ঘটনা।
বাংলাদেশ দখল নিয়ে ভারতের কয়েকজনের বক্তব্যের বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় দেখবে। কারও অপ্রাসঙ্গিক, অপাঙ্ক্তেয় ও অরাজনৈতিক কথাবার্তার জবাব তিনি দেবেন না।
দেশে যেকোনো ধরনের অস্থিরতা সৃষ্টির চেষ্টা নস্যাৎ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাম্প্রতিক কিছু সহিংসতায় পুলিশ, র্যাব, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বিজিবি ও আনসার ব্যাটালিয়নের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। তাঁদের মধ্যে কেউ কেউ গুরুতর আহত হয়েছেন। কারও মাথায় আঘাত লেগেছে, আবার কারও হাড় ভেঙেছে। ইতিমধ্যে অনেকে চিকিৎসা নিয়েছেন। তবে বেশ কয়েকজন সদস্যের দীর্ঘদিন চিকিৎসা নিতে হবে এবং তাঁদের বিশেষায়িত চিকিৎসার প্রয়োজন হবে।
আহত সদস্যদের প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তাঁদের পুলিশ পদকসহ অন্যান্যভাবে পুরস্কৃত করা হবে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা চাকরিতে যোগ দেওয়ার সময় জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা রক্ষার শপথ নেন উল্লেখ করে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন শৃঙ্খলায় ফিরেছে এবং জন-আস্থা অর্জন করেছে। তারা অত্যন্ত ধৈর্যের সঙ্গে সব পরিস্থিতি মোকাবিলা করেছে।
শ্রমিক অসন্তোষের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিজেরা আহত হলেও কোনো শ্রমিকের গায়ে হাত দেননি বলে দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, কোনো শ্রমিক আহত হননি, প্রাণহানির ঘটনাও ঘটেনি। বিষয়টি দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে।
দেশে আবারও অস্থিরতা সৃষ্টির আশঙ্কা রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব সময় প্রস্তুত থাকে। এটি তাদের কাজ। যেকোনো সময় কিছু অস্থিরতা সৃষ্টি হতে পারে, এমনটা ধরেই নেওয়া হয়। সে কারণেই পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে।
জ্বালাও-পোড়াও এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, শ্রমিক ভাই-বোনেরা অত্যন্ত সন্তুষ্ট। মজুরি বোর্ডের ন্যূনতম মজুরি ঘোষণাকে তাঁরা স্বাগত জানিয়েছেন এবং শৃঙ্খলা বজায় রেখেছেন। কিছু শ্রমিক নামধারী ব্যক্তি শ্রমিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টির অসৎ পাঁয়তারা করছেন। তবে তাঁরা সফল হবেন না।
কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
এন/এস
বাংলাদেশ সময়: ২১:৫৫:১৬ ১২ বার পঠিত | ● আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ● বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা ● শ্রমিক অসন্তোষ ● সালাহউদ্দিন আহমদ