ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
শিরোনাম
![]()
পাবনা: আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপন নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সুজানগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে মঙ্গলবার এ সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর রাশেদুজ্জামান রাশেদ।
উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতিমূলক এ সভায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোলাইমান হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল মজিদ, সুজানগর পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপি’র সভাপতি কামাল হোসেন বিশ্বাস, পৌর বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক অধ্যাপক আব্দুল মোনায়েম, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক অধ্যক্ষ নাদের হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জসীমউদ্দীন বিশ্বাস, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম মোল্লা, উপজেলা জামায়াতের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ওয়ালিউল্লাহ বিশ্বাস, উপজেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সুবোধ কুমার নটো,সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন সাহা,গণ অধিকার পরিষদ সুজানগর উপজেলা শাখার সভাপতি এম এ আশরাফ, সাংগঠনিক সম্পাদক অপু প্রমূখ।
সভায় সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপজেলা পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, মন্দির কমিটির নেতৃবৃন্দ সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পূজা উদযাপনে অংশগ্রহণকারী সকলকে ধর্মীয় সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার আহ্বান জানিয়ে এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট দপ্তরসমূহকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন, আর কয়েকদিন পরেই হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা। এই উৎসবকে ঘিরে আমাদের ব্যাপক প্রস্তুতি রয়েছে।
পূজায় যাতে কোন অনাকাঙ্খিত ঘটনা না ঘটে সেজন্য আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করবে। প্রত্যেকটি পূজা মন্ডপে সিসি ক্যামেরা স্থাপনের পাশাপাশি আনসার ও পুলিশ সদস্যরা কাজ করবে। এছাড়াও মন্ডপ কমিটির পক্ষ থেকে পূজা মন্ডপগুলোতে স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে।
তিনি আরও বলেন, যেকোন উৎসবে আমাদের আনন্দটা বড় জিনিস। আনন্দ করতে গিয়ে যাতে কোন বিপদ না ঘটে সেদিকে খেয়াল রাখতে হবে। আমরা সুজানগর উপজেলায় একটা ভালো শারদীয় দূর্গাপূজা উপহার দিতে চাই। এজন্য সকলের সহযোগিতা আমাদের একান্ত কাম্য।সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, বিদ্যুৎ সরবরাহ, পূজা মন্ডপের নিরাপত্তা, যানবাহন নিয়ন্ত্রণ, স্বাস্থ্যসেবা এবং অগ্নিনির্বাপণসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এদিকে সুজানগর থানা অফিসার ইনচার্জ মজিবর রহমান জানান, শারদীয় দূর্গা পূজাকে কেন্দ্র করে উপজেলায় আমাদের মোবাইল টিম থাকবে। আমাদের মোবাইল টিমের কাছে মোবাইল নাম্বার থাকবে। আপনাদের যে কোন সমস্যায় যোগাযোগ করলে আমাদের মোবাইল টিম তাৎক্ষণিকভাবে সেখানে উপস্থিত হবে।
আমি অনুরোধ করবো আমাদের নিজস্ব যে মোবাইল নম্বর আছে পূজা উদযাপন কমিটির দায়িত্বশীল যারা রয়েছেন তারা আমাদের মোবাইল নম্বরগুলো কালেক্ট করে রাখবেন। যাতে যে কোন উদ্ভুত পরিস্থিতিতে তাৎক্ষণিকভাবে টহল টিম সেখানে উপস্থিত হতে পারে। এছাড়াও ২৪ ঘন্টায় আমাদের পেট্রোল টিম বাইরে থাকে। রাতে আমরা বিশেষ নজরদারির ব্যবস্থা রাখবো। এছাড়াও পূজার আগে সবগুলো মন্ডপগুলোতে সরেজমিনে গিয়ে পরিদর্শন করা হবে বলেও জানান তিনি।
সুজানগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সুবোধ কুমার নটো জানান, সুজানগর পৌরসভায় সাতটি সহ উপজেলায় সর্বমোট ৫৫ টি পূজা মন্ডপে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হবে।
এন/ আর
বাংলাদেশ সময়: ২১:০৭:১৮ ৩৬৭ বার পঠিত | ● প্রশাসন ● প্রস্তুতি সভা ● শারদীয় দুর্গাপূজা ● সুজানগর