ঢাকা বুধবার, ২০ মে ২০২৬
শিরোনাম
![]()
নীলফামারী: ডোমার অঞ্চলের আশীর্বাদ ডোমার ভিত্তি বীজআলু উৎপাদন খামার। খামারটিতে জনবল সংকট ও যন্ত্রপাতির ঘাটতি প্রকট। প্রয়োজনীয় জনবল ও যন্ত্রপাতি থাকলে শ্রমিক এবং উৎপাদন খরচ অনেক সহজ হতো।
খামার সূত্রে জানা যায়, ডোমার ভিত্তি বীজআলু উৎপাদন খামারটি প্রায় ৫১৫ একর জমির উপর অবস্থিত। এই খামারটিতে প্রতিবছর ৪০০ একর জমিতে আলু, ২৫০ একর জমিতে আউশ ধান, ১০০ একর জমিতে আমন ধান, ৩০ একর জমিতে বোরো ধান ও ২৫ একর জমিতে গম চাষাবাদ করা হয়। বিশাল এই খামারটি পরিচালনার জন্য মোট জনবল থাকার কথা ৩২ জন কিন্তু প্রায় ৫ বছরেরও অধিক সময় থেকে মাত্র ৮ জন জনবল নিয়ে পরিচালিত হচ্ছে খামারটি এতে শূন্যপদ সংখ্যা ২৪ জন। সংস্থার কাঠামো অনুযায়ী মঞ্জুরীকৃত পদের উপপরিচালক ২ টি পদের মধ্যে আছে ১ জন, সহকারী পরিচালক ৩ জনের মধ্যে একজনেও নেই, উপসহকারী পরিচালক ৫ টি পদের মধ্যে আছে ২ জন, ফোরম্যান ১ জনের পদ থাকলেও নেই কেউ, সহকারী প্রশাসনিক কর্মকর্তা ১ জনের পদ থাকলেও পদটি শূন্য, সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা পদ ১ জনের আছে, ল্যাবরেটরী টেকনিশিয়ান ও মেকানিক পদে ১ জন করে থাকার কথা থাকলেও পদ শূন্য, ইলেকট্রিশিয়ান পদ ১ জনের আছে, অফিস সহকারি কাম কম্পিউটার অপারেটর ১ জনের থাকলেও সেটি শূন্য, সহঃ মেকানিক-কাম-অপারেটর ৩ টি পদের মধ্যে আছে ২ জন, গুদাম রক্ষকের ২টি পদ, গাড়ি চালক ১টি পদ, ট্রাক্টর চালক ২টি পদ, পাম্প অপারেটর ২টি পদ ও পিয়নের ২ টি পদ পুরোপুরি শূন্য এবং দারোয়ানের ৩ টি পদের মধ্যে আছে ১ জন।
অপরদিকে অনেক যন্ত্রপাতির অচল হয়ে পড়ে আছে। খামারটিতে ট্রাক্টর ১০ টি থাকলেও ৩ টি অচল, কম্বাইন হার্ভেস্টার ৩ টির মধ্যে ১ টি অচল, রোটাভেটর ৭ টির মধ্যে ৪ টি অচল, চিজেল প্লাউ ২ টি আছে, পাওয়ার স্প্রে মেশিন ৮৮ টির মধ্যে ৪৩ টি অচল, চার্জার স্প্রে মেশিন ৩১ টির মধ্যে ২০টি অচল, ডিস্ক হ্যারো ৫ টির মধ্যে ২ টি অচল, কুলটিশেয়ার ২ টির মধ্যে ১ টি অচল, ট্রলি ১০ টির মধ্যে ৫ টি অচল, প্রি কিনার ১ টি অচল, রাইস ট্রান্সপ্লান্টার ৪ টির মধ্যে ২ টি অচল, ট্রাক ১ টি অচল ও মটরসাইকেল ১০ টির মধ্যে ৭ টি অচল রয়েছে। এর সাথে আধুনিক যন্ত্রপাতি হিসেবে স্প্রে করার জন্য ড্রোন স্প্রে যন্ত্রের প্রয়োজন। এসব যন্ত্রপাতি থাকলে কাজের সুবিধার সাথে সাথে উৎপাদন অনেক সহজ হতো।
ডোমার ভিত্তি বীজআলু উৎপাদন খামারের উপপরিচালক কৃষিবিদ মোঃ আবু তালেব মিঞা বলেন, সুষ্ঠু বীজ উৎপাদন কার্যক্রম পরিচালনার স্বার্থে নির্দিষ্ট জনবল থাকা জরুরি। বিশেষ করে শ্রমিক তদারকি, উৎপাদন কার্যক্রম তদারকিসহ সার্বিক কাজ পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবল থাকা অত্যাবশ্যক। অনেক আগের যন্ত্রাংশ হওয়ায় পুরাতন যন্ত্রাংশগুলো প্রতিস্থাপন জরুরি। নতুন যন্ত্রাংশ হলে উৎপাদন কার্যক্রম পরিচালনা সহজ হবে।
এন/ আর
বাংলাদেশ সময়: ২০:২১:১০ ২ বার পঠিত | ● ডোমার ● নীলফামারী ● যন্ত্রপাতি সংকট