ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
![]()
খুলনা: কয়রায় সুন্দরবনে কাঁকড়া আহরণ শেষে নৌকায় ঘুমিয়ে থাকা দুই জেলেকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে সুন্দরবনের কোবাদক ফরেস্ট স্টেশনের আওতাধীন বাটলুয়া নদীসংলগ্ন হেতালবুনিয়া খাল এলাকায় এ ঘটনা ঘটে।
আহত দুই জেলে হলেন কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের গোলখালী গ্রামের ওসমান সরদারের ছেলে তরিকুল ইসলাম (৩২) ও তাহের সরদারের ছেলে শরিফুল ইসলাম (৩০)। তাঁরা কোবাদক ফরেস্ট স্টেশন থেকে বৈধ পাস নিয়ে সুন্দরবনে কাঁকড়া আহরণ করতে গিয়েছিলেন।
আহত জেলেদের চাচা আব্দুল গনি সরদার বলেন, সকালে সাইদ নামের এক জেলের ফোন নম্বর থেকে তাঁকে ফোন করে দ্রুত ট্রলার নিয়ে সুন্দরবনে যেতে বলা হয়। সেখানে গিয়ে তিনি জানতে পারেন, হেতালবুনিয়া খালের চরে তাঁর দুই ভাতিজাকে কুপিয়ে ফেলে রাখা হয়েছে। পরে পরিবারের সদস্যরা তাঁদের উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দক্ষিণ বেদকাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওসমান গনি খোকন বলেন, দুই জেলের অবস্থা সংকটাপন্ন। তাঁদের লোকালয়ে এনে প্রাথমিকভাবে স্যালাইন দেওয়া হয়েছে। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।
চেয়ারম্যান বলেন, কয়েক দিন আগে প্রতিবেশীর সঙ্গে তাঁদের ঝগড়া হয়েছিল। ওই ঘটনার জেরে প্রতিশোধমূলক হামলা হয়ে থাকতে পারে। আবার সুন্দরবনের বনদস্যুদের সংশ্লিষ্টতার বিষয়টিও স্থানীয়ভাবে কেউ কেউ ধারণা করছেন। তবে হামলার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার পর সুন্দরবনে থাকা স্থানীয় জেলেদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. হাসানুজ্জামান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে আহত জেলেদের পক্ষ থেকে এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি।
এন/ আর
বাংলাদেশ সময়: ২৩:১৭:৫২ ৪ বার পঠিত | ● কুপিয়ে ● কয়রা ● জখম ● জেলে