ঢাকা রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
![]()
পাবনা:বেসরকারি উন্নয়ন সংস্থা আসিয়াবের সুজানগর শাখার কাম হিসাবরক্ষক (চাকরিচ্যুত) মোঃ হাফিজুর রহমানের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গত মঙ্গলবার পাবনা আদালতে হাজির হয়ে মামলার প্রধান আসামি হাফিজুর রহমান ও তিন নম্বর আসামি শহিদুর রহমান আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন। আদালতের বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
সুজানগর থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা আলামিন হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, টাকা উদ্ধারের জন্য আসামিদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হবে।
এর আগে আসামিদের বিরুদ্ধে ১০ লাখ ৫৯ হাজার ৬৭৮ টাকা হাতিয়ে নিয়ে উধাও হওয়ার অভিযোগ ওঠে। অভিযুক্ত হাফিজুর রহমান পাবনা জেলার চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়নের চরছাইকোলা গ্রামের মোঃ বরাত আলীর ছেলে।
এ ঘটনায় বেসরকারি উন্নয়ন সংস্থা আসিয়াবের সুজানগর শাখার শাখা ব্যবস্থাপক নজরুল ইসলাম অভিযুক্ত হাফিজুর রহমানকে প্রধান আসামি এবং হোসেন আলী খলিফা ও শহিদুর রহমানকে আসামি করে মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, সদস্যদের মধ্যে ঋণের টাকা বিতরণের জন্য গত ২৯ জুলাই সুজানগর আসিয়াবের শাখা অফিস থেকে কাম হিসাবরক্ষক হাফিজুর রহমান আসিয়াবের অ্যাকাউন্ট নম্বরের ১০ লাখ টাকার একটি চেক নিয়ে সুজানগর ইসলামী ব্যাংক শাখায় টাকা উত্তোলন করতে যান। পরে তিনি ব্যাংকে গিয়ে ওই টাকা উত্তোলন করে অফিসে না ফিরে পালিয়ে যান।
অনেকক্ষণ পরও হাফিজুর অফিসে না ফেরায় কর্মকর্তারা তার মোবাইল নম্বরে ফোন করেন। তবে মোবাইল বন্ধ পাওয়ায় শাখা ব্যবস্থাপক ব্যাংকে গিয়ে জানতে পারেন, হাফিজুর অনেকক্ষণ আগেই ১০ লাখ টাকা উত্তোলন করে চলে গেছেন। টাকা উত্তোলনের সময়ের সিসি ক্যামেরার ভিডিওও সংরক্ষিত রয়েছে।
আসিয়াবের সুজানগর শাখার শাখা ব্যবস্থাপক নজরুল ইসলাম জানান, ওই ১০ লাখ টাকার পাশাপাশি অফিস থেকে আরও ৫৯ হাজার ৬৭৮ টাকা নগদ নিয়ে হাফিজুর পালিয়ে গেছেন।
বেসরকারি উন্নয়ন সংস্থা আসিয়াবের সমন্বয়কারী রফিকুল ইসলাম জানান, অভিযুক্ত হাফিজুর রহমান ২০২৫ সালের জুলাই মাসে আসিয়াবের সুজানগর শাখায় যোগ দেন। তিনি বলেন, সবার বিশ্বস্ততার সুযোগ নিয়ে হাফিজুর এমন একটি ঘটনা ঘটাবেন, তা অফিসের কোনো কর্মকর্তা ভাবতেও পারেননি।
এন/ এস
বাংলাদেশ সময়: ০:৫৮:১৪ ৭ বার পঠিত |