ঢাকা সোমবার, ৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
![]()
ঠাকুরগাঁও: পীরগঞ্জে আগামী তিন বছরের মধ্যে কোনো কাঁচা রাস্তা থাকবে না—এমন লক্ষ্য নিয়ে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। পাশাপাশি ছোট ব্রিজ ও কালভার্ট নির্মাণের কাজও চলছে। সোমবার উপজেলার কোষারাণীগঞ্জ ইউনিয়নে টাঙ্গন নদীর ওপর নির্মিত বহুল প্রত্যাশিত চেরকুঘাট ব্রিজের আনুষ্ঠানিক ফলক উন্মোচন ও উদ্বোধন শেষে আলোচনা সভায় এসব কথা বলেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব জাহিদুর রহমান জাহিদ।
সরকার কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড দেওয়ার উদ্যোগ নিয়েছে উল্লেখ করে সংসদ সদস্য জাহিদুর রহমান বলেন, সরকার ক্ষমতায় থাকলে জনগণের উন্নয়ন হবে এবং আগামী পাঁচ বছরে পীরগঞ্জের উন্নয়ন আরও এগিয়ে যাবে।
তিনি আরও বলেন, ২০১৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর কোষারাণীগঞ্জ ইউনিয়নের টাঙ্গন নদীর ভামদা এলাকায় সেতু নির্মাণের জন্য ২০১৯ সাল থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে একাধিকবার যোগাযোগ করেছেন। পরে ২০২২ সালে ব্রিজটি নির্মাণের অনুমোদন পায়।
সেতুটি জনগণের অর্থে নির্মিত উল্লেখ করে এমপি জাহিদুর রহমান বলেন, “এই ব্রিজের মালিক জনগণ। পার্শ্ববর্তী নাককাটি ব্রিজ নির্মাণের অনুমোদনও বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিয়েছেন।”
স্থানীয়দের উদ্দেশে তিনি বলেন, “এই সেতু এলাকায় কেউ মাদক সেবন করতে এলে বা মাদক কেনাবেচা হলে আপনারা তা প্রতিহত করবেন।”
উদ্বোধনী অনুষ্ঠানে কোষারাণীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফার সভাপতিত্বে বক্তব্য দেন ঠাকুরগাঁও এলজিইডির নির্বাহী প্রকৌশলী শফিউল আলম, পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক জিয়াউল ইসলাম জিয়া।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মাইদুল ইসলাম, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন প্রামাণিক, বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, সাবেক ইউপি চেয়ারম্যান গৌতম চন্দ্র রায়, পৌর বিএনপির সহসভাপতি আসাদুজ্জামান চৌধুরী মানু, কোষারাণীগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান মিঠু, পীরগঞ্জ উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেলসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
উল্লেখ্য, প্রায় ২০ কোটি ৩৩ লাখ ৯৯ হাজার ৯০০ টাকা ব্যয়ে নির্মিত ১৬০ মিটার দীর্ঘ চেরকুঘাট ব্রিজটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে নির্মাণ করা হয়েছে। ব্রিজটি চালু হওয়ায় এলাকার প্রায় ১৭ থেকে ১৮টি গ্রামের মানুষের যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে বলে আশা করছেন স্থানীয়রা।
সেতুটি চালু হওয়ায় দীর্ঘদিনের যোগাযোগ সমস্যা দূর হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। তারা দ্রুত সেতুটির আশপাশের সড়ক যোগাযোগ ব্যবস্থার আরও উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
এন/ এস
বাংলাদেশ সময়: ২১:২৭:০৩ ২ বার পঠিত | ● উদ্বোধন ● চেরকুঘাট ● পীরগঞ্জ ● ব্রিজ