ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম
![]()
ভোলা: চরফ্যাশন পৌরসভার খালপাড়ের গুরুত্বপূর্ণ একটি সড়কের এক-তৃতীয়াংশ খালে বিলীন হয়ে গেছে। জুন ক্লোজিংয়ের আগে বর্ষার মধ্যে খাল কাটার পর সড়কের একাংশ ধসে পড়ে। সম্প্রতি খাল খননের পর সড়কের পাশের মাটি সরে গিয়ে ধীরে ধীরে বিভিন্ন অংশ খালের মধ্যে বিলীন হচ্ছে। এতে ওই সড়কে মানুষের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, সড়কের পাশের মাটি সরে যাওয়ায় কয়েকটি বৈদ্যুতিক খুঁটি হেলে পড়েছে। দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন তারা।
সরেজমিনে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সড়কটির বিভিন্ন অংশ সরু ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে। অনেক জায়গায় সড়কের কিনারা ভেঙে খালের দিকে চলে গেছে। ফলে পথচারীদেরও সতর্ক হয়ে চলাচল করতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, খাল খননের পর সড়কের পাড় সংরক্ষণ বা প্রতিরোধমূলক ব্যবস্থা না নেওয়ায় ভাঙন বাড়ছে। যদিও ঠিকাদার তাৎক্ষণিক গাইড ওয়াল করলেও সড়কটি রক্ষা করা যায়নি। দ্রুত ব্যবস্থা না নিলে সড়কের আরও অংশ ধসে যোগাযোগব্যবস্থা ব্যাহত হতে পারে।
এলাকাবাসী জানান, সড়কটি স্থানীয়দের দৈনন্দিন যাতায়াতের গুরুত্বপূর্ণ পথ। তাই জরুরি ভিত্তিতে খালের পাড় সংরক্ষণ করে সড়কটি পুনর্নির্মাণ করা প্রয়োজন। একই সঙ্গে হেলে পড়া বৈদ্যুতিক খুঁটিগুলো তারসহ নিরাপদ স্থানে সরিয়ে সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
এন/ এস
বাংলাদেশ সময়: ২২:৫৭:১৩ ১২ বার পঠিত | ● খাল খননে ● চরফ্যাসন ● ধসে পড়ছে