ঢাকা    রবিবার, ১১ অক্টোবর ২০২৬
শিরোনাম
• আলফাডাঙ্গায় লোকালয়ে দলছুট হনুমান, কলা খাওয়াচ্ছেন উৎসুক মানুষ • পীরগঞ্জে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, আলোচনায় ১১৬ মণ্ডপ ও ৬ বিসর্জন ঘাট • সিংগাইরে জমি নিয়ে বিরোধে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা, লুটের অভিযোগ • কাঁঠালিয়ায় দুর্গাপূজার মণ্ডপে চাল বিতরণ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের অনুদান • প্রযুক্তি দক্ষতা ও নৈতিকতা অর্জনে মনোযোগী হতে হবে শিক্ষার্থীদের: জাকির হোসেন বাচ্চু • ৫০ বছরের দুর্ভোগের অবসান, হাতিয়ার তিন গ্রামে কাঠের সেতু • আমতলীতে ‘জয় বাংলা’ স্লোগান ঘিরে মামলা, কারাগারে ৪ জন • কাঁঠালিয়ায় বাগানে জেলের মরদেহ, অভিযান ঘিরে আতঙ্কের অভিযোগ • বাল্যবিয়ে না দেওয়ার শপথ নিলেন কাউখালীর অভিভাবকরা • মাদক ব্যবসায়ীদের নাম প্রকাশ করে সাহসের সঙ্গে লিখুন: এমপি রুমা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » আমতলীতে ‘জয় বাংলা’ স্লোগান ঘিরে মামলা, কারাগারে ৪ জন

আমতলীতে ‘জয় বাংলা’ স্লোগান ঘিরে মামলা, কারাগারে ৪ জন


আমতলী(বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর ২০২৬


আমতলীতে ‘জয় বাংলা’ স্লোগান ঘিরে মামলা, কারাগারে ৪ জন

বরগুনা: আমতলী উপজেলার ইউনুস আলী খাঁন ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৬০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় ৩২ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং ২৮ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এ মামলায় আটক চারজনকে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার আমতলী উপজেলার মহিষকাটায় ইউনুস আলী খাঁন ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জালাল উদ্দীন ফকির। বিশেষ অতিথি ছিলেন বিএনপির সাবেক সদস্যসচিব তুহিন মৃধাসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতারা। প্রধান অতিথির বক্তব্য শেষ হতে না হতেই কয়েকজন নবীন শিক্ষার্থী ‘জয় বাংলা’ স্লোগান দেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ ঘটনার জেরে শুক্রবার দুপুরে বিএনপির নেতাকর্মীরা গুলিশাখালী ইউনিয়নের বিভিন্ন গ্রামে অভিযান চালান। এ সময় কলাগাছিয়া গ্রামের জাহাঙ্গীর চৌকিদারের ছেলে অসিফ আহম্মেদ (২০), পূর্ব চুনাখালী গ্রামের মিজানুর রহমানের ছেলে মো. মাহিদুল ইসলাম (২০), কালিবাড়ি গ্রামের মাহবুব কাজীর ছেলে সাইফুল ইসলাম কাজী (২৩) এবং গোছখালী গ্রামের বেল্লাল হাওলাদারের ছেলে ইস্রাফিলকে (২০) উপজেলা বিএনপির কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে শুক্রবার রাত ৯টার দিকে তাঁদের চারজনকে আমতলী থানায় সোপর্দ করা হয়।

আটক চারজনের মধ্যে আসিফ আহম্মেদ, মাহিদুল ও ইস্রাফিলের বয়স ১৭ বছরের নিচে। মামলার এক নম্বর আসামি অসিফ গত বছর চুনাখালী মাধ্যমিক বিদ্যালয় থেকে মানবিক বিভাগে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হয়। সে দাবি করে, ঘটনার দিন কলেজের কোনো অনুষ্ঠানে যায়নি এবং কোনো দলের সঙ্গেও সম্পৃক্ত নয়।

তার মা নুপুর বেগম বলেন, তাঁর ছেলে পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় গ্রেপ্তার হওয়ায় তার আর পরীক্ষা দেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। ঘটনার দিন তাঁর ছেলে বাড়িতে ছিল বলেও দাবি করেন তিনি।

মামলার চার নম্বর আসামি ইস্রাফিলের মা খুকি বেগম বলেন, তাঁর ছেলে ঘটনার দিন কলেজে ছিল না। সেদিন সে খাকদান গ্রামে তার নানা বারেক সিকদারের বাড়িতে ছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক আটক ব্যক্তিদের অভিভাবকেরা অভিযোগ করেন, বিএনপির নেতাকর্মীরা তাঁদের ছেলেদের কার্যালয়ে তুলে নিয়ে নির্যাতন করেছেন।

মামলার বাদী গুলিশাখালী ইউনিয়ন বিএনপির নেতা মো. রিয়াজুল কবির মুন্সী অভিযোগ করে বলেন, আসামিরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী। তাঁরা ক্ষমতায় থাকার সময় এলাকায় ব্যাপক ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। ঘটনার দিন নবীনবরণ অনুষ্ঠান পণ্ড করতে তাঁরা ধারালো দা, রামদা, হকিস্টিক ও লোহার রড নিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেন এবং কলেজের ফটক ভাঙচুর করে ব্যাপক ক্ষতিসাধন করেন। তিনি এ ঘটনার বিচার দাবি করেন।

ইউনুস আলী খাঁন কলেজের অধ্যক্ষ মো. জাকারিয়া বলেন, আটক চারজনের মধ্যে তিনজন কলেজের শিক্ষার্থী। তাঁদের মধ্যে তিন নম্বর আসামি সাইফুল ইসলাম কাজী কলেজ শাখা নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক। অন্যরা কোনো দলের সঙ্গে জড়িত কি না, তা তাঁর জানা নেই।

অনুষ্ঠানের বিশেষ অতিথি ও বিএনপির সাবেক সদস্যসচিব তুহিন মৃধা বলেন, অনুষ্ঠান শেষের দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের উচ্ছৃঙ্খল নেতাকর্মীরা নবীনবরণ অনুষ্ঠান পণ্ড করার উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছেন। তিনি এ ঘটনার বিচার দাবি করেন।

আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন ফকির বলেন, ইউনুস আলী খাঁন কলেজের নবীনবরণ অনুষ্ঠান পণ্ড করতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে অনুষ্ঠানের শেষ দিকে ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছেন। তাঁরা কলেজের ফটক ভাঙচুর করে ব্যাপক ক্ষতিসাধন করেছেন বলেও অভিযোগ করেন তিনি।

জালাল উদ্দিন ফকির আরও বলেন, খবর পেয়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পরদিন শুক্রবার ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আটক করে থানায় সোপর্দ করেন। আটক চারজন ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলেও দাবি করেন তিনি। কার্যালয়ে ডেকে নিয়ে নির্যাতনের অভিযোগ সঠিক নয় উল্লেখ করে তিনি বলেন, দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। এ ধরনের অপপ্রচারের সঙ্গে জড়িত ব্যক্তিদেরও বিচার দাবি করেন তিনি।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইয়াকুব হোসাইন বলেন, গত বৃহস্পতিবার ইউনুস আলী খাঁন কলেজের নবীনবরণ অনুষ্ঠানে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনায় শুক্রবার রাতে ৬০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। তাঁদের মধ্যে ৩২ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং ২৮ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। আটক চার আসামিকে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এন/ এস

বাংলাদেশ সময়: ২৩:৩৯:২৪   ৮ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● কাঁঠালিয়ায় দুর্গাপূজার মণ্ডপে চাল বিতরণ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের অনুদান
● প্রযুক্তি দক্ষতা ও নৈতিকতা অর্জনে মনোযোগী হতে হবে শিক্ষার্থীদের: জাকির হোসেন বাচ্চু
● আমতলীতে ‘জয় বাংলা’ স্লোগান ঘিরে মামলা, কারাগারে ৪ জন
● কাঁঠালিয়ায় বাগানে জেলের মরদেহ, অভিযান ঘিরে আতঙ্কের অভিযোগ
● বাল্যবিয়ে না দেওয়ার শপথ নিলেন কাউখালীর অভিভাবকরা



আর্কাইভ