ঢাকা রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
![]()
ঝালকাঠি: কাঁঠালিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও পত্রিকায় মিথ্যা অপপ্রচারের অভিযোগ তুলেছেন উপজেলার ১ নম্বর চেঁচরী রামপুর ইউনিয়ন ছাত্রদলের নেতা মো. ইকবাল বেপারী।
এ অপপ্রচারের প্রতিবাদে শনিবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার স্থানীয় কৈখালী বাজারে ইউনিয়ন জাতীয়তাবাদী ছাত্রদলের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন ছাত্রদল নেতা ইকবাল বেপারী। এ সময় স্থানীয় ছাত্রদলের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইকবাল বেপারী বলেন, সম্প্রতি ‘কীর্তনখোলা সংবাদ’ ও ‘শাহীন ৫৬৭’ নামের দুটি আইডি থেকে তাঁর বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। কখনো তাঁকে ডিজিএফআই, কখনো এনএসআই, আবার কখনো সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য কিংবা ছাত্রদল নেতা হিসেবে পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখানো, মারধর এবং নারীদের সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন পোশাক পরিহিত অবস্থায় সেনা কর্মকর্তা ও স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে তাঁর ছবি ব্যবহার করে একটি ভিডিও তৈরি করে ছড়ানো হয়েছে। পরবর্তী সময়ে একই বিষয় নিয়ে পত্রিকায়ও মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে। ছাত্রদল নেতা দাবি করেন, ফেসবুক ও পত্রিকায় প্রকাশিত এসব তথ্য সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।
তিনি আরও বলেন, তাঁর বাবা মরহুম জাহাঙ্গীর বেপারী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত দায়িত্বে ছিলেন। তিনি এলাকায় সমাজসেবক হিসেবে পরিচিত ছিলেন। বাবার সন্তান হিসেবে তিনিও এলাকায় মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কাজ করছেন। তাঁর দাবি, এসব ভালো কাজে সহযোগিতা না করে উল্টো তাঁর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে।
ইকবাল বেপারী জানান, তিনি এলাকায় রাস্তাঘাট সংস্কার, স্থানীয় কৈখালী বাজারের ড্রেন নির্মাণ এবং বাজারের পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছেন। এ ছাড়া বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে অসহায় ও দরিদ্র মানুষকে আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি নানা সামাজিক কর্মকাণ্ডেও সম্পৃক্ত রয়েছেন। এ অপপ্রচারের বিরুদ্ধে তিনি আইনি পদক্ষেপ নেবেন বলেও জানান।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৮:২৩:৩৪ ১৬ বার পঠিত | ● কাঁঠালিয়া ছাত্রদল ● ঝালকাঠি অপপ্রচার ● মো. ইকবাল বেপারী