ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
![]()
নীলফামারী: ডিমলায় পাম্প মালিক ও গ্রাহকদের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে মাহবুবুর রহমান (২৭) নামের এক যুবক আহত হলে তাকে ডিমলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) রাত ১টা ৩০ মিনিটে ডিমলা উপজেলার সদর ইউনিয়নের মেসার্স আলম ফিলিং সেন্টারে এ ঘটনা ঘটে। পরে থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পাম্পটির যাবতীয় কার্যক্রম ও জ্বালানি তেল বিক্রি সাময়িকভাবে স্থগিত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গ্রাহকদের অনেকেই অভিযোগ করে বলেন, রোববার রাতে সরকারের তেলের দাম পুনর্নির্ধারণের ঘোষণার পরপরই মেসার্স আলম ফিলিং সেন্টারে মোটরসাইকেল ও প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ লাইন পড়ে। রাত ১২টা থেকে নতুন দাম কার্যকর হওয়ার কথা থাকলেও রাত সাড়ে ১০টা থেকেই পাম্প বন্ধ করে কর্মচারীরা চলে যান।
পরে রাত ১২টায় পাম্প মালিক শাহ আলম মেশিনে নতুন বর্ধিত মূল্য সেটআপ শুরু করলে গ্রাহকেরা প্রতিবাদ জানান এবং আগের নির্ধারিত মূল্যে তেল দেওয়ার দাবি তোলেন। এতে ক্ষিপ্ত হয়ে শাহ আলম ক্যাশ কাউন্টার থেকে একটি ভারী লোহার অ্যাঙ্গেল এনে গ্রাহকদের ওপর চড়াও হন।
এ বিষয়ে ডিমলা থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে পাম্প মালিক কিংবা গ্রাহকের কোনো ধরনের লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ঘটনা তদন্ত করা হবে বলে জানান তিনি।
এ প্রসঙ্গে পাম্প মালিক শাহ আলমের সঙ্গে মোবাইলে কথা বললে তিনি জানান, গ্রাহকেরা রাত ১২টার পর জ্বালানি তেল কিনে রাত ১০টার পূর্বের দামে টাকা দিতে চাইলে তাদের সঙ্গে তার হাতাহাতি হয়। তিনি আরও জানান, তার পাম্পে ১০ হাজার ৪৯৭ লিটার পেট্রোল, ১০ হাজার ৩৮০ লিটার অকটেন এবং প্রায় ১০ হাজার লিটার ডিজেল মজুদ রয়েছে।
এন/ এস
বাংলাদেশ সময়: ১৮:৫৮:০১ ২ বার পঠিত | ● তেল বিক্রি ● ফিলিং ● বন্ধ ● স্টেশন