ঢাকা বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
![]()
পাবনা: দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের আগুন সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার অপপ্রয়াসের প্রতিবাদে পাবনার চাটমোহরে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে উপজেলার মূলগ্রাম ইউনিয়নে বিএনপির উদ্যোগে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে এ কর্মসূচি পালন করা হয়।
চাটমোহর রেলস্টেশন-সংলগ্ন ইউনিয়ন বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে রেলবাজার মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়।
মূলগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি লিখন বিশ্বাসের সভাপতিত্বে পথসভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুস আলো মাস্টার, উপজেলা বিএনপির সাবেক আইনবিষয়ক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন, উপজেলা কৃষকদলের সভাপতি লিটন বিশ্বাস, উপজেলা শ্রমিকদলের সভাপতি মুন্তাজ আহমেদ, মূলগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস রেজা, ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি শওকত আকবর, উপজেলা বিএনপির সাবেক সহপ্রচার সম্পাদক খোকন প্রধান প্রমুখ।
পথসভায় নেতারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীদের আবারও হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, আপনারা যদি আবারও মিষ্টি খাওয়ার মতো সাহস দেখান, তাহলে এর দায়দায়িত্ব আপনাদের নিতে হবে। আমাদের নেতাকর্মীরা এর প্রতিবাদ করবে। আমরা প্রশাসনের ওপর নির্ভরশীল হতে চাই না। আওয়ামী লীগ এই সরকারের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার করছে, তার জবাব দিতে হবে। তাই নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় সংগঠিত থাকতে হবে। তাহলে আওয়ামী লীগ মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। আর আওয়ামী লীগের দোসর যারা আছে, তাদের সামাজিকভাবে একঘরে করে ফেলতে হবে, যাতে তারা এই সরকারের বিরুদ্ধে কথা বলার সাহস না পায়।
এন/ এস
বাংলাদেশ সময়: ০:০৬:৩৪ ১০ বার পঠিত | ● চাটমোহর ● বিএনপি ● বিক্ষোভ