ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম
![]()
পিরোজপুর: কুরআনের শিক্ষা মানুষকে জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করে বিশ্বের মানুষের কাছে সম্মানিত করে তুলতে পারে বলে মন্তব্য করেছেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাসুদ সাঈদী এমপি।
তিনি বলেন, ‘কুরআনকে ভালোভাবে জানলে বিশ্বের সবার কাছে নন্দিত হওয়া যায়। মরহুম আল্লামা সাঈদী কুরআনের কারণেই বিশ্ববাসীর কাছে নন্দিত হয়েছিলেন।’
বৃহস্পতিবার (৮ অক্টোবর) পিরোজপুরের দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাদ্রাসার অধ্যক্ষ মুহা. মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি মো. জহিরুল ইসলাম, পিরোজপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল লতিফ তালুকদার এবং পিরোজপুর পৌর জামায়াতের আমির মাওলানা ইসহাক আলী খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষার্থীদের ধর্মীয় ও কুরআনিক শিক্ষা অর্জনের পাশাপাশি সাধারণ শিক্ষা, নৈতিকতা, শৃঙ্খলা ও সৃজনশীল কর্মকাণ্ডে নিজেদের দক্ষ করে গড়ে তোলার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এন/ এস
বাংলাদেশ সময়: ১৮:৫৩:৩৯ ২১ বার পঠিত | ● এমপি ● পিরোজপুর ● মাসুদ সাঈদী