ঢাকা    সোমবার, ৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
• চাঁদাবাজি ও কিশোর গ্যাং বন্ধে জামায়াতের বিক্ষোভ মিছিল • চর বিজয়ে নতুন অতিথি ভেরডিটার ফ্লাইক্যাচার, সমৃদ্ধ হচ্ছে জীববৈচিত্র্য • শিক্ষকদের নিরপেক্ষ ও পেশাদার ভূমিকা পালনের আহ্বান এমপি সেলিম রেজার • শিক্ষক দিবসে ৬০ বছরের বিনামূল্যের পাঠদানের স্বীকৃতি পেলেন রমণী কান্ত • উলিপুরে শিক্ষক দিবসের অনুষ্ঠানে এসে শিক্ষকের মোটরসাইকেল চুরি • এসএসসি বৃত্তিতে ১৭ শিক্ষার্থীর সাফল্য, জেলায় শীর্ষ হা-মীমের তিনজন • চাটমোহরে ঝোপ থেকে উদ্ধার ১৭ ল্যাপটপ, চুরি হওয়া কি না যাচাই চলছে • অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে যুবককে গণপিটুনি, পুলিশে সোপর্দ • তিন মাসে পানি প্রকল্প শেষ করে পাইকগাছা ক্যাম্পাসে ৮০ শিক্ষার্থী ভর্তির লক্ষ্য • লালমোহনে ২২ দিনের ইলিশ সংরক্ষণ অভিযান, টাস্কফোর্সের সভা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » চর বিজয়ে নতুন অতিথি ভেরডিটার ফ্লাইক্যাচার, সমৃদ্ধ হচ্ছে জীববৈচিত্র্য

চর বিজয়ে নতুন অতিথি ভেরডিটার ফ্লাইক্যাচার, সমৃদ্ধ হচ্ছে জীববৈচিত্র্য


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর ২০২৬


চর বিজয়ে নতুন অতিথি ভেরডিটার ফ্লাইক্যাচার, সমৃদ্ধ হচ্ছে জীববৈচিত্র্য

পটুয়াখালী: কুয়াকাটার সম্ভাবনাময় পর্যটনকেন্দ্র চর বিজয় দ্বীপে দেখা মিলেছে দৃষ্টিনন্দন নীল-সবুজ রঙের ভেরডিটার ফ্লাইক্যাচারের (Eumyias thalassinus)। রবিবার, ৪ অক্টোবর দ্বীপটিতে পাখিটির দেখা মেলে। এ সময় পাখিটির ছবি তোলা হয়।

স্থানীয় বাসিন্দা ও পরিবেশবাদীদের মতে, নির্জন চর বিজয়ে ভেরডিটার ফ্লাইক্যাচারের উপস্থিতি দ্বীপটির সমৃদ্ধ জীববৈচিত্র্যের নতুন দিক উন্মোচন করেছে। এতে প্রমাণিত হচ্ছে, পরিযায়ী ও বিভিন্ন প্রজাতির পাখির জন্য চর বিজয় ক্রমেই গুরুত্বপূর্ণ বিচরণস্থল হয়ে উঠছে। ভেরডিটার ফ্লাইক্যাচার সাধারণত ১৫ থেকে ১৭ সেন্টিমিটার লম্বা হয়। নীলচে-সবুজ রঙের এ পাখি মূলত ছোট ছোট পোকামাকড় খেয়ে জীবনধারণ করে।

স্থানীয় জেলে মনির বলেন, ‘চর বিজয়ের বালুর ওপর পাখিডারে (পাখিটিকে) দেহি। বৃষ্টিতে পাখিডা একেবারে ভিইজ্জা (ভিজে) গ্যাছে। আমি কাছে গেলেও পাখিডা উড়তে পারে নাই। পরে পাখিডারে গঙ্গামতির বনে নিয়া রোদে দিয়া শুকাইয়া সুস্থ কইরা ছাইড়া দিছি। এই রকম পাখি আগে কোনোদিন দেহি নাই। এত সুন্দর নীল রঙের পাখি এই প্রথম দেখলাম।’

উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের আহ্বায়ক কে এম বাচ্চু বলেন, চর বিজয়ে পরিযায়ী পাখির নিয়মিত বিচরণ প্রমাণ করে, দ্বীপটি উপকূলীয় জীববৈচিত্র্যের জন্য গুরুত্বপূর্ণ একটি আবাসস্থল হয়ে উঠছে। ভেরডিটার ফ্লাইক্যাচারের মতো পাখির উপস্থিতি আনন্দের পাশাপাশি পরিবেশ সংরক্ষণেরও একটি বার্তা দেয়। পাখিদের নিরাপদ আশ্রয় নিশ্চিত করতে শিকার, ফাঁদ ও জাল পাতা বন্ধের পাশাপাশি পর্যটকদেরও সচেতন হতে হবে। প্রাকৃতিক পরিবেশ অক্ষুণ্ন রেখে বনায়ন ও সংরক্ষণ কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন।

বাংলাদেশ বন বিভাগের ‘Red List of Bangladesh: Birds’ অনুযায়ী, ভেরডিটার ফ্লাইক্যাচার বাংলাদেশে একটি সাধারণ ও বিস্তৃত শীতকালীন পরিযায়ী পাখি। শীতকালে এটি একা বা ছোট দলে বিচরণ করে। খোলা বন, বনপ্রান্ত, ঝোপঝাড়, বাগান ও গ্রামীণ গাছপালার এলাকায় এদের দেখা যায়। এদের প্রধান খাদ্য ছোট ছোট পোকামাকড়। বিশ্বব্যাপী প্রজাতিটি ‘Least Concern (LC)’ শ্রেণিভুক্ত।

বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, চর বিজয়ে এর আগে ঝাউ, হেঁতাল, গেওয়া ও গোলপাতাসহ বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়েছে। সেখানে নিয়মিত বনায়ন কার্যক্রমও চলছে। প্রায় ২৩০ একর আয়তনের চর বিজয়ে সারা বছরই বিভিন্ন প্রজাতির পাখির বিচরণ দেখা যায়।

তিনি বলেন, শীত মৌসুমে সাইবেরিয়া থেকে আসা অতিথি পাখির পাশাপাশি গাংচিল, বদর কবুতরসহ বিভিন্ন প্রজাতির পাখির দেখা মেলে। সম্প্রতি নতুন করে ভেরডিটার ফ্লাইক্যাচারেরও দেখা মিলেছে। এছাড়া বক, সাদাবক, গোবক ও চ্যাঁকাসহ প্রায় ৮ থেকে ১০ প্রজাতির পাখির বিচরণ রয়েছে। দ্বীপজুড়ে রয়েছে লাল কাঁকড়ার বিচরণও।

মনিরুজ্জামান আরও বলেন, চর বিজয়ের চারপাশে পানির গভীরতা কম হওয়ায় এলাকাটি সামুদ্রিক মাছের প্রজনন ও পোনা বেড়ে ওঠার গুরুত্বপূর্ণ স্থান হিসেবে গড়ে উঠছে। তবে বন বিভাগে লোকবল সংকট রয়েছে। নৌপথে নিয়মিত যাতায়াতের জন্য প্রয়োজনীয় নৌযান না থাকায় চর বিজয়ে নিয়মিত নজরদারিও সম্ভব হচ্ছে না। পর্যাপ্ত লোকবল ও নৌযান পাওয়া গেলে দ্বীপটির জীববৈচিত্র্য রক্ষা ও নিয়মিত নজরদারি আরও জোরদার করা সম্ভব হবে।

পাখি পর্যবেক্ষকদের মতে, বাংলাদেশে শীতের অতিথি পাখিদের আগমন শরতের শেষভাগ থেকেই শুরু হয়। ভেরডিটার ফ্লাইক্যাচারকেও শীতকালীন পাখি হিসেবে দেশের বিভিন্ন এলাকায় দেখা যায়। গবেষণায় বাংলাদেশে সেপ্টেম্বর মাসেও এ প্রজাতির উপস্থিতির রেকর্ড পাওয়া গেছে।

কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক বলেন, শীত মৌসুমের শুরুতেই চর বিজয়ে বিভিন্ন প্রজাতির পাখির আগমন ঘটে। পুরো দ্বীপজুড়ে রয়েছে লাল কাঁকড়ার বিচরণ। চর বিজয়ের জীববৈচিত্র্য রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে নজরদারি ও সংরক্ষণ কার্যক্রম জোরদার করা হবে। পাশাপাশি পর্যটকদের পরিবেশবান্ধব ভ্রমণ নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে। ভেরডিটার ফ্লাইক্যাচারের আগমন চর বিজয়ের সমৃদ্ধ জীববৈচিত্র্যের নতুন বার্তা দিচ্ছে।

কুয়াকাটা থেকে প্রায় ৩০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে জেগে ওঠা চর বিজয় শীত মৌসুমে পরিযায়ী পাখিদের অন্যতম বিচরণস্থল হিসেবে পরিচিত। দ্বীপটিতে বিভিন্ন প্রজাতির অতিথি পাখির পাশাপাশি লাল কাঁকড়ারও বিচরণ দেখা যায়। বন বিভাগের উদ্যোগে সেখানে ঝাউসহ বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হচ্ছে। ২০২৫ সালে দ্বীপটিতে ৪০ হাজার ঝাউগাছ লাগানোর কর্মসূচি নেওয়া হয়।

ধারাবাহিক বনায়নের ফলে চর বিজয় ভবিষ্যতে অতিথি পাখিদের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হবে বলে আশা করছে বন বিভাগ।

এন/ এস

বাংলাদেশ সময়: ২২:১২:২০   ২৬ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চর বিজয়ে নতুন অতিথি ভেরডিটার ফ্লাইক্যাচার, সমৃদ্ধ হচ্ছে জীববৈচিত্র্য
● শিক্ষক দিবসে ৬০ বছরের বিনামূল্যের পাঠদানের স্বীকৃতি পেলেন রমণী কান্ত
● এসএসসি বৃত্তিতে ১৭ শিক্ষার্থীর সাফল্য, জেলায় শীর্ষ হা-মীমের তিনজন
● লালমোহনে ২২ দিনের ইলিশ সংরক্ষণ অভিযান, টাস্কফোর্সের সভা
● নাজিরপুরে জাল নথিতে তিন শিক্ষকের নিয়োগ, ১০ বছর ধরে বেতন উত্তোলনের অভিযোগ



আর্কাইভ