ঢাকা বুধবার, ৭ অক্টোবর ২০২৬
শিরোনাম
![]()
ফরিদপুর: আলফাডাঙ্গা সদর বাজারের চৌরাস্তায় হাতি নিয়ে বিভিন্ন দোকান ও পথচারীর কাছ থেকে টাকা সংগ্রহের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। ব্যস্ত বাজার এলাকায় হাতি নিয়ে অবস্থান করে এভাবে টাকা সংগ্রহের ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
স্থানীয়দের ভাষ্য, একটি হাতি নিয়ে এক মাহুত মঙ্গলবার দুপুরে আলফাডাঙ্গা সদর বাজারের চৌরাস্তা এলাকায় আসেন। পরে হাতিটি বিভিন্ন দোকানের সামনে নিয়ে গিয়ে শুঁড় উঁচিয়ে টাকা চাওয়া হয়। এ সময় কয়েকজন ব্যবসায়ী ও পথচারী টাকা দেন। হাতিটি দোকানের সামনে দাঁড়িয়ে থাকায় অনেকের মধ্যে কৌতূহলের পাশাপাশি কিছুটা অস্বস্তিও তৈরি হয়।
বাজারের কয়েকজন ব্যবসায়ী জানান, হাতি সামনে নিয়ে এসে টাকা চাওয়া হলে অনেকেই বিষয়টি এড়িয়ে যেতে পারেন না। কেউ স্বেচ্ছায় টাকা দিয়েছেন, আবার কেউ পরিস্থিতি বিবেচনায় টাকা দিয়েছেন। তবে এভাবে ব্যস্ত বাজারে হাতি নিয়ে টাকা সংগ্রহের বিষয়টি নিয়মিত হলে তা ব্যবসায়ী ও সাধারণ মানুষের জন্য বিড়ম্বনার কারণ হতে পারে বলে তাঁরা মনে করেন।
স্থানীয় বাসিন্দাদের কয়েকজন বলেন, আলফাডাঙ্গা সদর বাজারের চৌরাস্তা গুরুত্বপূর্ণ ও ব্যস্ত এলাকা। এখানে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ চলাচল করেন। এমন স্থানে হাতি নিয়ে অবস্থান করলে পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটতে পারে। বিশেষ করে শিশু ও বয়স্করা হাতি দেখে আতঙ্কিত হতে পারেন। হাতিটি কোনো কারণে নিয়ন্ত্রণের বাইরে গেলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কাও রয়েছে।
স্থানীয়দের কেউ কেউ জানান, হাতি দিয়ে টাকা সংগ্রহের বিষয়টি আইন ও বিধিমালার আওতায় পড়ে কি না, সেটিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করা প্রয়োজন। হাতিটির মালিকানা, প্রয়োজনীয় অনুমতি এবং বাজার এলাকায় হাতি নিয়ে অবস্থানের বৈধতা সম্পর্কে সংশ্লিষ্ট দপ্তরের পরিষ্কার ব্যাখ্যা চান তাঁরা।
এদিকে স্থানীয়দের পক্ষ থেকে বিষয়টি প্রশাসন ও বন বিভাগের নজরে এনে প্রয়োজনীয় যাচাইয়ের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে জননিরাপত্তা ও পথচারীদের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে বাজারের ব্যস্ত এলাকায় বন্যপ্রাণী নিয়ে অবস্থানের বিষয়েও নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন তাঁরা।
আলফাডাঙ্গা উপজেলা বন কর্মকর্তা শেখ লিটন বলেন, হাতি নিয়ে টাকা সংগ্রহের বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল সরোয়ার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠালে মাহুত হাতি নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে এমন ঘটনা ঘটলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয়দের প্রত্যাশা, ঘটনার প্রকৃত বিষয়টি যাচাই করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে, যাতে বাজারের স্বাভাবিক পরিবেশ ও জননিরাপত্তা বজায় থাকে।
এন/ এস
বাংলাদেশ সময়: ২২:৩৮:২২ ৯ বার পঠিত | ● আলফাডাঙ্গা ● টাকা ● সংগ্রহ ● হাতি দিয়ে