ঢাকা সোমবার, ২ নভেম্বর ২০২৬
শিরোনাম
![]()
গাজীপুর:সরকারি দপ্তর থেকে লাইসেন্স পেতে হয়রানি বন্ধ ও প্রক্রিয়া সহজ করার দাবি জানিয়েছেন কালীগঞ্জের প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক ও প্রতিনিধিরা। এ দাবিতে তাঁরা স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
গাজীপুর প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কালীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে সোমবার দুপুরে জামালপুর আয়েশা মেমোরিয়াল হসপিটাল এন্ড ডায়াবেটিস সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে কালীগঞ্জে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা অংশ নেন।
অ্যাসোসিয়েশনের কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি সৈয়দ আহমদ কবির বুলবুলের সভাপতিত্বে সভায় আলোচনা ও মতবিনিময় পর্ব পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ডা. জুয়েল হাসান।
সভায় বিভিন্ন ক্লিনিকের মালিকেরা তাঁদের নানা প্রতিকূলতা ও সমস্যার কথা তুলে ধরেন। তাঁরা বলেন, হাসপাতাল পরিচালনায় তাঁদের ভুলভ্রান্তি থাকতে পারে। তবে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন ও মানবসেবার প্রত্যয় নিয়েই তাঁরা বেসরকারি ক্লিনিক পরিচালনা করে আসছেন। হাসপাতাল প্রতিষ্ঠা ও পরিচালনার জন্য ১১ থেকে ১২ ধরনের সরকারি কাগজপত্রের প্রয়োজন হয়। এসব সংগ্রহ করতে বিভিন্ন দপ্তরে ঘুরে তাঁদের হয়রানির শিকার হতে হয়। তাই সরকারি দপ্তর থেকে লাইসেন্স পাওয়ার প্রক্রিয়া সহজ করা হলে মালিকপক্ষের ভোগান্তি কমবে।
ক্লিনিক মালিকেরা আরও বলেন, তাঁরা নিবন্ধিত চিকিৎসক নিয়োগ দেন। কিন্তু কোনো রোগীর মৃত্যু হলে মালিককে গ্রেপ্তার করা হয়। অবহেলা, অব্যবস্থাপনা কিংবা নিয়মবহির্ভূত কাজের কারণে কাউকে কারাগারে নেওয়া হলে তাঁদের আপত্তি নেই। তবে যাচাই-বাছাই না করে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হয়েছে—এমন সংবাদ প্রকাশ না করতে সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান তাঁরা।
সভায় বক্তব্য দেন কালীগঞ্জ ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার প্রবীর কুমার মিত্র ভজন, বিসমিল্লাহ ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী শহীদ মুন্সী, শাপলা ডায়াগনস্টিক সেন্টারের মালিক মো. নাসিরউদ্দিন, নিউ ল্যাব এইড হাসপাতালের মালিক নাজুক আহমেদ এবং জামিল চক্ষু জেনারেল হাসপাতালের ম্যানেজার জীবন চন্দ্র দাস প্রমুখ।
ছবির ক্যাপশন: কালীগঞ্জে প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা।
বাংলাদেশ সময়: ১৯:২৯:৫৩ ৬ বার পঠিত | ● কালীগঞ্জ প্রাইভেট ক্লিনিক ● ক্লিনিক লাইসেন্স ● গাজীপুর প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স ওয়েল