ঢাকা সোমবার, ২ নভেম্বর ২০২৬
শিরোনাম
![]()
কুমিল্লা: দেবিদ্বারে মায়ের সামনেই ট্রাকের চাপায় মিনহা আক্তার (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুর দেড়টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার উপজেলার বড়শালঘর ইউনিয়নের ছোট শালঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিনহা ব্রাহ্মণপাড়া উপজেলার বাড়ানী এলাকার মনির হোসেনের মেয়ে। মা ও বোনের সঙ্গে সে দেবিদ্বারের ছোট শালঘর গ্রামে নানার বাড়িতে বেড়াতে এসেছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মিনহার মা জুলেখা আক্তার দেবিদ্বারের ছোট শালঘর গ্রামের আফতাব উদ্দিন সরকার বাড়ির বাসিন্দা মো. শাহ আলমের মেয়ে। রোববার দুই মেয়েকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে আসেন তিনি। সোমবার সকালে চিকিৎসার জন্য জুলেখা দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। এ সময় তাঁর সঙ্গে দুই মেয়ে ও মা ছিলেন।
চিকিৎসা শেষে তাঁরা সিএনজিচালিত অটোরিকশায় করে ছোট শালঘরে ফেরেন। বাসস্ট্যান্ডে নেমে স্বজনেরা অটোরিকশার ভাড়া পরিশোধ করছিলেন। এ সময় মিনহা তাঁদের আগে মহাসড়ক পার হওয়ার চেষ্টা করে। তখন দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মিরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) মো. আনিছুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ট্রাকটি আটক করা হয়েছে। নিহত শিশুর লাশ দেবিদ্বার থানায় রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এন/ আর
বাংলাদেশ সময়: ২০:২০:২৫ ৪ বার পঠিত | ● কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়ক ● দেবিদ্বারে শিশু নিহত ● মিনহা আক্তার