ঢাকা সোমবার, ২ নভেম্বর ২০২৬
শিরোনাম
পাবনা: চাটমোহর উপজেলার এলপিজি গ্যাস সিলিন্ডার ব্যবসায়ী নয়ন হোসেনকে পার্শ্ববর্তী ফরিদপুর উপজেলায় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সিলিন্ডার বিক্রির দায়ে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার পাবনার ফরিদপুর উপজেলার বনওয়ারীনগর বাজারের তেঁতুলতলা এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে ইমামা বানিন।
জরিমানাপ্রাপ্ত ব্যবসায়ী নয়ন হোসেন চাটমোহর উপজেলার শমসের আলীর ছেলে। তিনি পার্শ্ববর্তী ফরিদপুর উপজেলায় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করতে গিয়ে এ দণ্ডের মুখে পড়েন।
নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ২৫ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
ফরিদপুর উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বনওয়ারীনগর বাজারের তেঁতুলতলা এলাকায় এক ব্যবসায়ীর বিরুদ্ধে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগ পাওয়া যায়। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে ইমামা বানিনের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়। এ সময় অভিযোগের সত্যতা পাওয়ায় চাটমোহরের ব্যবসায়ী মো. নয়ন হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি জরিমানা অনাদায়ে তাঁকে ১৫ দিনের কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
ফরিদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে ইমামা বানিন বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে কোনো ধরনের অনিয়ম বা অতিরিক্ত মূল্য আদায়ের সুযোগ নেই। সাধারণ ক্রেতাদের স্বার্থ রক্ষায় প্রশাসন সব সময় সচেষ্ট রয়েছে। কোনো ব্যবসায়ী পণ্যের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম নিলে তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অনিয়ম প্রতিরোধে উপজেলা প্রশাসনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৯:৪১:৪০ ৪ বার পঠিত | ● অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি ● চাটমোহর এলপিজি গ্যাস ● নয়ন হোসেন