ঢাকা সোমবার, ২ নভেম্বর ২০২৬
শিরোনাম
![]()
পাবনা: চাটমোহর উপজেলার খলিশাগাড়ী বিলে অভিযান চালিয়ে দুটি অবৈধ সোঁতিবাঁধ উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আবদুল মতিন জানান, রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিলচলন ইউনিয়নের খলিশাগাড়ী বিলে অভিযান চালিয়ে দুটি সোঁতিবাঁধ উচ্ছেদ করা হয়। বিলের পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা, জলজ পরিবেশ রক্ষা এবং দেশীয় মৎস্যসম্পদ সংরক্ষণের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
এ সময় মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী বিলের পানির স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টিকারী দুটি অবৈধ সোঁতিবাঁধ উচ্ছেদ করা হয়। পাশাপাশি একজন অভিযুক্ত ব্যক্তিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
এ ধরনের বাঁধ পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত করে, মাছের চলাচল ও প্রজননে বাধা সৃষ্টি করে এবং মাছের প্রাকৃতিক বিচরণক্ষেত্র ও জীববৈচিত্র্যের ক্ষতি করে। অভিযানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আবদুল মতিন এবং চাটমোহর থানা-পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
জনস্বার্থ রক্ষা, জলজ পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং দেশীয় মৎস্যসম্পদ সংরক্ষণে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৯:৩২:৪৫ ১০ বার পঠিত | ● অবৈধ সোঁতিবাঁধ ● খলিশাগাড়ী বিল ● চাটমোহরে সোঁতিবাঁধ উচ্ছেদ